অক্টোবরে ঢাকায় আসছে বলিউডের ৯ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বাংলা ছবির পর এবার বাংলাদেশে আসছে বলিউডের হিন্দি ছবি। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় পৌঁছাবে বলিউডের নয়টি ছবি। বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন।আমদানি করা নয়টি হিন্দি ছবি হচ্ছে: ‘শোলে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ডন’, ‘ওয়ান্টেড’, ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জামিন পার’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’।আজ রোববার প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে বলিউডের ওই নয়টি ছবি বাংলাদেশে প্রদর্শনের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিয়া আলাউদ্দিন।প্রথম আলো ডটকমকে মিয়া আলাউদ্দিন বলেন, ‘২০১০ সালের জানুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতীয় ১২টি চলচ্চিত্র আমদানির জন্য এলসি খোলা হয়। এর মধ্যে নয়টি হিন্দি ও তিনটি বাংলা চলচ্চিত্র। গত বছর তিনটি বাংলা চলচ্চিত্র ‘জোর’, ‘বদলা’ ও ‘সংগ্রাম’ এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সেগুলো প্রদর্শিত হয়েছে।’ ‘জোর’, ‘বদলা’ ও ‘সংগ্রাম’ ছবিগুলো প্রেক্ষাগৃহে কেন দর্শক টানতে পারেনি, এ ব্যাপারে জানতে চাইলে মিয়া আলাউদ্দিন বলেন, ‘আসলে ছবি তিনটি বাংলাদেশের বেশির ভাগ দর্শকেরই দেখা ছিল। এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও এই ছবিগুলো অসংখ্যবার দেখানো হয়েছে। তাই হয়তো এ রকম হয়েছে।’পুরোনো ছবি কেন আমদানি করা হলো, এমন প্রশ্নের জবাবে মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমরা আসলে তাত্ক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারিনি। তাই ছবি আমদানির ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারলেও ছবিগুলো যে পরিমাণ ব্যবসা করেছে তাতে আমরা সন্তুষ্ট।’বলিউডের যে ছবিগুলো বাংলাদেশে আনার চূড়ান্ত প্রস্তুতি চলছে, সেগুলোও কিন্তু এ দেশের মানুষের দেখা। ছবিপ্রেমী দর্শক সব কটি ছবি অসংখ্যবার দেখেছেন। সে ক্ষেত্রে হিন্দি ছবিগুলোর অবস্থাও কি বাংলা ছবিগুলোর মতো হবে না—এমন প্রশ্নের জবাবে মিয়া আলাউদ্দীন বলেন, ‘পুরোনো হলেও এসব ছবির প্রতি অনেকেরই আগ্রহ আছে। আমরা যেভাবে চিন্তা-ভাবনা করেছি, তাতে ব্যবসায়িকভাবে কোনো ক্ষতি হবে না, এটা নিশ্চিত করে বলতে পারি।’ ছবিগুলোর মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে নয়টি হিন্দি ছবি বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর আমরা ছাড়পত্রের জন্য ছবিগুলো সেন্সর বোর্ডে জমা দেব। তারপর সময়-সুযোগমতো বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিগুলো মুক্তি দেওয়া হবে।’ আলাউদ্দিন আরও বলেন, দেশীয় চলচ্চিত্রের যাতে ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রেখেই ছবিগুলো আমদানি করা হয়েছে।’ এর আগে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শনের প্রক্রিয়ায় গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল জিত্ অভিনীত ‘জোর’। এ বছরের ২০ জানুয়ারি মুক্তি পায় প্রসেনজিত্ অভিনীত ‘বদলা’ এবং সর্বশেষ ১৫ জুন মুক্তি পায় হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সংগ্রাম’ ছবিটি।