অক্টোবরে নিলয়-আঁচলের ‘বেইলী রোড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার হিরোখ্যাত নিলয় আর নবাগত আঁচল অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বেইলী রোড’। পরিচালক মাসুদ কায়নাত। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও করেছেন তিনি। নিলয়-আঁচলের এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর। স্বপ্নভঙ্গের এক করুণ কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘বেইলী রোড’। ছবির কাহিনিতে দেখা যাবে, শুভ ও আঁচলের স্বপ্ন, মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়ে বড় কিছু হওয়ার। জীবনসংগ্রামে লিপ্ত এই তরুণ-তরুণী একটা সময় খুব কাছাকাছি চলে আসে। তৈরি হয় প্রেমের সম্পর্ক। এদিকে আঁচলের জীবনে আসে আরেক মানুষ ধনাঢ্য ব্যবসায়ী মুনজির। আঁচলের যেকোনো সমস্যা মুনজিরের সাহায্যে খুব সহজে সমাধান হয়ে যায়। এভাবে তাঁদের মধ্যে তৈরি হয় ভালো লাগার এক অদ্ভুত অনুভূতি। অন্যদিকে বাবার কথামতো আঁচলের জন্মদিনে ভালোবাসার কথা জানাতে এসে হোঁচট খায় মুনজির। শুভ ও আঁচলের জীবনে ঘটে যাওয়া কাহিনি শুনে চমকে ওঠে। সিদ্ধান্ত নেয়, শুভ ও আঁচলের জীবনে সে বাধা হয়ে দাঁড়াবে না। ভেঙে যায় তার স্বপ্ন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘বেইলী রোড’ চলচ্চিত্রের গল্প।নিলয় ও আঁচল ছাড়া ‘বেইলী রোড’ চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন লুত্ফর রহমান জর্জ, কাজী হায়াত্, কাবিলা, রেবেকা, চন্দন চৌধুরী, আনোয়ার শাহী প্রমুখ।