অক্টোবরে প্রেক্ষাগৃহে ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের শেষ ছবি ঘেটুপুত্র কমলা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী অক্টোবর মাসে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত ২৯ মে স্টার সিনেপ্লেক্সে ঘেটুপুত্র কমলা ছবির বিশেষ প্রদর্শনী হয়। হুমায়ূন আহমেদ সেদিন নিজের খুব কাছের মানুষদের সঙ্গে বসে দেখেছিলেন ছবিটি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষ এবার রোজার ঈদে ছবিটি চ্যানেল আইতে দেখাতে চেয়েছিল। কিন্তু দিন দশেক আগে হুমায়ূন আহমেদ ছবিটির ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান ইবনে হাসানের কাছে। যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালের বিছানা থেকে মুঠোফোনে তিনি ইবনে হাসানকে বলেছিলেন, ‘ঘেটুপুত্র কমলা অনেক ভালো ছবি। ছবিটা টিভিতে আগে রিলিজ দিয়ো না। রোজার পর কোরবানি ঈদের আগে একসঙ্গে কয়েকটা হলে ছবিটা রিলিজ দিয়ো। আমার মনে হয়, ছবিটা দেখতে দর্শক হলে যাবে।’ গতকাল শনিবার ইবনে হাসান তা এই প্রতিবেদককে জানান।ইবনে হাসান বলেন, ‘স্যার রোজার পর দেশে আসার ব্যাপারে খুব আশাবাদী ছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, স্যার আর আমাদের মাঝে নেই।’ইবনে হাসান জানালেন, অক্টোবর মাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ঘেটুপুত্র কমলা।