অক্টোবরে বিয়ে করছেন শ্যন পেন-শার্লিজ থেরন

গত আট মাস ধরে প্রেম করছেন হলিউডের দুই তারকা শ্যন পেন ও শার্লিজ থেরন। তাঁদের বয়সের ব্যবধান ১৫ বছর। সম্প্রতি এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ৫৩ বছর বয়সী শ্যন পেন এবং ৩৮ বছর বয়সী শার্লিজ থেরন।
এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী শার্লিজ থেরনের সঙ্গে এবারের গ্রীষ্মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান শ্যন পেন। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গ্রীষ্মকাল শুরু হয় অক্টোবরে। সেই হিসেবে আর মাত্র তিন মাসের মাথায় থিতু হতে চলেছেন শ্যন ও শার্লিজ। শুধু তাই নয়, বিয়ের পরপরই সন্তান দত্তক নিতে চান তাঁরা।
সূত্রটি আরও জানিয়েছে, মাত্র আট মাস হল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্যন ও শার্লিজ। এখন এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। যত দ্রুত সম্ভব বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান তাঁরা।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় শ্যন পরিচালিত ‘দ্য লাস্ট ফেস’ ছবিতে অভিনয় করছেন শার্লিজ। যত দ্রুত সম্ভব ছবির কাজ গুটিয়ে নিয়ে বিয়ের পর্ব সারতে চান শ্যন ও শার্লিজ। দুই বছর বয়সী দত্তক সন্তান আছে শার্লিজের। দত্তক নেওয়া ছেলের নাম তিনি রেখেছেন জ্যাকসন। অনেকদিন থেকেই আরেকটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন শার্লিজ। তিনি ঠিক করেছেন, শ্যনের সঙ্গে বিয়ের পরপরই আরেকটি সন্তান দত্তক নেবেন তিনি।