অক্টোবরে ‘ঘেটু পুত্র কমলা’
আজ থেকে গাজীপুরের নুহাশ পল্লীতে ঘেটু পুত্র কমলা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে হুমায়ূন আহমেদ জানান, ছবিটির কাজ তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এখন ছবির কাজ শুরু হবে অক্টোবরে। কারণ হিসেবে তিনি বললেন, ‘ছবির প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটু সময়ের প্রয়োজন। তা ছাড়া গল্পের সঙ্গে আবহাওয়ার মিল রাখার জন্য আমরা ওই সময়টা বেছে নিয়েছি। কারণ গল্পের জন্য একটু বৃষ্টির যেমন প্রয়োজন আছে, আবার শীতের আমেজটাও লাগবে।’ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন তিনি। তিনি আরও জানান, শুরুর দিকে কাজ হবে নুহাশ পল্লীতে। এরপর নেত্রকোনা ও সুনামগঞ্জে ছবিটির শুটিং হবে। ছবিতে ঘেটু পুত্রের চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী মামুন। অন্য অভিনয়শিল্পীরা হলেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মীর সাব্বির, মাজনুন মিজান, শামীমা নাজনীন প্রমুখ। সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল। ছবির গানে কণ্ঠ দিচ্ছেন ফজলুর রহমান বাবু, এস আই টুটুল, কুদ্দুস বয়াতি ও সেলিম চৌধুরী।