অক্ষয়-অজয়ের দোটানায় সোনাক্ষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্ষয় কুমারের সঙ্গে ‘রাওডি রাঠোর’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘সান অব সর্দার’ ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। দুটি ছবিই বক্স অফিসে সাফল্য পাওয়ায় আবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে মরিয়া হয়ে উঠেছেন অক্ষয় ও অজয়। কিন্তু এ প্রজন্মের অভিনেতাদের সঙ্গে অভিনয়েই বেশি আগ্রহী এ বিহারি সুন্দরী। সবমিলিয়ে চল্লিশ পেরোনো অক্ষয়-অজয়ের দোটানায় বেশ বিপাকেই আছেন সোনাক্ষী। কম বয়সী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে চান হালের জনপ্রিয় এই বলিউডের অভিনেত্রী। ‘লুটেরা’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২’ এবং ‘র্যাম্বো রাজকুমার’ ছবিতে রণবীর সিং, ইমরান খান এবং শহিদ কাপুরের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে এর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ২৫ বছর বয়সী সোনাক্ষী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কিন্তু এরমধ্যে তামিল ‘ঠুপাক্কি’ ছবির রিমেকে সোনাক্ষীকে চুক্তিবদ্ধ করিয়েছেন অক্ষয়। আরেকটি ছবিতেও তাঁকে নিতে উঠে-পড়ে লেগেছেন। অন্যদিকে, এ বছরই নতুন ছবির কাজে হাত দিতে চান অজয়। তিনিও ছবিটিতে সোনাক্ষীকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে, এক টুইটার বার্তায় ‘দাবাং ৩’ ছবি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন চল্লিশ পেরোনো আরেক তারকা সালমান খান। আগের দুটি ছবিতেই সালমানের বিপরীতে ছিলেন সোনাক্ষী। এবার অক্ষয়-অজয়ের দোটানায় পড়ে ‘দাবাং ৩’ ছবিতে অভিনয়ের সময় তিনি বের করতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।