অক্ষয়ের জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুস্তম ছবিতে অক্ষয় কুমার
রুস্তম ছবিতে অক্ষয় কুমার

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে গুঞ্জন উঠেছে। অনেকেই অবাক হচ্ছেন, কী করে অক্ষয় কুমার পেয়ে গেলেন সেরা অভিনেতার পুরস্কার! এই অভিনেতা এরই মধ্যে টুইটারে জুরিবোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন এবং পুরস্কারটি উৎসর্গ করেছেন নিজের স্ত্রীর নামে। তবে তাঁর পুরস্কার পাওয়া নিয়ে এরই মধ্যে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
৭ এপ্রিল পুরস্কার ঘোষণার সময় বলা হয়েছিল রুস্তম ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় এ পুরস্কার পেয়েছেন। জাতীয় পুরস্কার কমিটির জুরিবোর্ডের প্রধান পরিচালক প্রিয়দর্শন এরপর বলেন, অক্ষয় মূলত রুস্তম ও এয়ারলিফট—এই দুটো ছবিতেই দারুণ অভিনয় করেছেন। কিন্তু নির্ধারিত নিয়মের কারণে শুধু রুস্তম ছবির জন্যই ঘোষণা করা হয়েছে পুরস্কার।
গোল বেঁধেছে পরিচালক প্রিয়দর্শনের কারণেই। জুরিবোর্ডের প্রধানই অক্ষয়ের পক্ষে জুরিদের মত প্রদানে প্রভাব ফেলেছেন বলে ভাবা হচ্ছে। তাঁর বহু ছবির নায়ক অক্ষয় কুমার। তাই অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন।
প্রিয়দর্শন অবশ্য উড়িয়ে দিয়েছেন এই অভিযোগ। হাতের সামনে জড়ো করেছেন পুরোনো আমলের কিছু তথ্য। বলেছেন, ‘আমি খুব সহজ উত্তর দেব। রমেশ সিপ্পি যখন জুরিবোর্ডের প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চন পেয়েছিলেন এ পুরস্কার। প্রকাশ ঝা যখন জুরিবোর্ড-প্রধান, তখন পুরস্কার পেয়েছেন অজয় দেবগন। কিন্তু সে সময় তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি। আজ কেন প্রশ্ন উঠছে?’
রমেশের বহু ছবির নায়ক অমিতাভ। প্রকাশের বহু ছবির নায়ক অজয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক তো চলছেই, তবে এই বিতর্কে তারকাদের মধ্যে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের মধ্যে আছেন তামিল পরিচালক এ আর মুরুগাদোস। তিনি বলেছেন, এই পুরস্কার খুবই পক্ষপাতদুষ্ট। জুরিবোর্ড দেখলেই বোঝা যায়, এরা প্রভাব খাটাতে পারে।
আনন্দ প্রতিবেদক
সূত্র: স্কুপহুপ ও ফারর্স্টপোস্ট