অক্ষয়ের পাশে সবাই হৃতিক একা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুস্তম ছবিতে অক্ষয় ও ইলিয়ানা
রুস্তম ছবিতে অক্ষয় ও ইলিয়ানা

বলিউডের বার্ষিক ব্যবসায় কিছু ‘স্বর্ণ-সপ্তাহ’ রয়েছে। এসব সপ্তাহে ছবি মুক্তি মানে বিরাট ব্যাপার। দিওয়ালি, ঈদ, বড়দিন, ইংরেজি নববর্ষ, দুর্গাপূজা, ভারতের প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের সপ্তাহগুলোকে ব্যবসার ভাষায় বলিউড-বণিকেরা ‘স্বর্ণ-সপ্তাহ’ বলে থাকেন। এসব সপ্তাহে বলিউডের সবচেয়ে বড় বাজেটের বহুল প্রতীক্ষিত ছবিগুলো মুক্তি পায়। তারকায় তারকায় হয় হাড্ডাহাড্ডি বক্স অফিস লড়াই। কাল ১২ আগস্ট তেমনই একটি স্বর্ণ-সপ্তাহ। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সামনে রেখে বলিউড প্রস্তুত বক্স অফিস লড়াইয়ে নামতে। এবারের লড়াইয়ের ময়দানের দুই যোদ্ধা হলেন অক্ষয় কুমার ও হৃতিক রোশন। অক্ষয় আসছেন রুস্তম ছবিটি নিয়ে আর হৃতিক রোশন তৈরি মহেঞ্জো দারো দিয়ে বক্স অফিস মাত করতে। তাই সবাই এখন তাকিয়ে শুক্রবারের দিকে। কাল লড়াইয়ের শুরুটাই তো বলে দেবে শেষ দানে বাজিমাত করবেন কে?
তবে মূল লড়াই শুরুর আগে, যোদ্ধাদের সমর্থক দল দেখেও কিন্তু ফলাফলের পূর্বাভাস পাওয়া যায়। কারণ বলিউডের বর্তমান ছবি প্রচারণার ধারা বলে, ছবির প্রচার যত তারকাবহুল ও উচ্চকিত হবে, বক্স অফিসে সাফল্য লাভের সম্ভাবনা হবে ততই উজ্জ্বল। তাই তো একটা সময়, সালমানের প্রেম রতন ধন পায়ো ছবির গানের সঙ্গে ছবিটির প্রচারণার জন্য নেচেছিলেন শাহরুখ খান। এর বদলে সালমানও শাহরুখের দিলওয়ালে ছবিকে সফল করতে নেচে-গেয়ে টুইটারে ছবিটির প্রচার করেন। এটা এখন বলিউডের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এক তারকার ছবির প্রচারে এগিয়ে আসছেন অন্য তারকারা। প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে সবাই ব্যবহার করছেন নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমকে। তাই যখন সময় এল রুস্তম ও মহেঞ্জো দারোর, তখনো চুপ করে নেই বলিউডের তারকাসমাজ। তবে বলিউডের সিনেমাগুলোর মতো এখানেও রয়েছে ‘টুইস্ট’। প্রচারণার মাঠে যখন রুস্তম ও মহেঞ্জো দারো নিয়ে টান টান উত্তেজনা, তখন তারকারা এখানে চলছেন একচোখা নীতিতে। রুস্তম অক্ষয়ের গ্যালারি তারকায় পরিপূর্ণ হলেও, মহেঞ্জো দারো নিয়ে মাঠে নামা হৃতিকের হয়ে স্লোগান দেওয়ার মতো কোনো তারকাই নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় সব তারকার মুখে শুধু রুস্তম-বন্দনা।

মহেঞ্জো দারো ছবিতে হৃতিক রোশন
মহেঞ্জো দারো ছবিতে হৃতিক রোশন

সালমান খান থেকে শুরু করে করণ জোহর, রণবীর সিং, সোনাক্ষি সিনহা, সোনম কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা—সবাই রুস্তম ছবির সাফল্য কামনায় ভিডিও ধারণ করে তা পোস্ট করেছেন টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে। তারকারা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে জানান দিচ্ছেন, আর চার দিন...তিন দিন...দুই দিন...এক দিন পর আসছে রুস্তম। কিন্তু মহেঞ্জো দারো? উহুঁ, খ্রিষ্টপূর্ব ২০১৬ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটির জন্য তারকাদের মুখে কোনো রা নেই।
বলিউড তারকাদের এই একচোখা নীতি নিয়ে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। ভারতের গুজুবে পত্রিকাগুলো ধারণা করছে, কঙ্গনা-কাণ্ডের জের ধরেই হৃতিকের দলে আজ শুভাকাঙ্ক্ষীদের অভাব পড়েছে। অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে গোপন প্রেম নিয়ে যে মামলা-মোকদ্দমায় জড়িয়েছিলেন হৃতিক, সেটাই নাকি এই অভিনেতার জন্য কাল হয়েছে। তবে এসবের কোনো পরোয়া করেন না হৃতিক। বলিউডের ‘গ্রিক দেব’খ্যাত এ অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, তারকাদের সমর্থন পাওয়া না পাওয়া নিয়ে তাঁর কোনো ভাবনা নেই; বরং সাংবাদিকেরা রুস্তম-এর প্রতি তারকাদের বিশেষ আগ্রহ নিয়ে হৃতিককে প্রশ্ন করলে এর বাঁকা জবাব দিয়ে তিনি বলেন, ‘এটা খুবই ভালো বিষয়। আমরা তো আসলে একটা সমাজের মধ্যে মিলেমিশে বাস করি। কারও যদি সাহায্য-সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে তো অন্যরা এগিয়ে আসবেই।’
হৃতিকের বয়ানেই স্পষ্ট, অক্ষয় কুমারের রুস্তম-এর সাহায্য আর সহযোগিতায় যখন বলিউডের পুরো তারকাসমাজ এককাট্টা, তখন একাকী হৃতিক তাঁর নতুন নায়িকা পূজা হেগড়েকে নিয়ে নিজেই নিজের সহায় হচ্ছেন। মেনে চলছেন কবিগুরু রবিঠাকুরের বাণী, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’।
আইএএনএস, এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে