অক্ষয়—বাদলদা আমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক ২০১১: আমার কিছু বন্ধু আছে, যাঁদের সঙ্গে নিত্য দেখা বা কথা বলার দরকার হয় না। তাঁরা সর্বদা সঙ্গে থাকেন। তেমন দুজন বন্ধু খুব কাছাকাছি সময়ে চলে গেলেন। একজন বজলুল মবিন চৌধুরী, আরেকজন বাদল সরকার। এই দুজনের বিদায়ে স্মৃতিতাড়িত হয়ে আছি।—সেলিনা শেলী, অক্সফোর্ডসুদূর অক্সফোর্ডে বসে লেখা এই ক্ষুদ্র-প্রকাশে বিস্তৃত-বেদনায় আমরা অনেকেই একাত্ম। জগৎখ্যাত বাদল সরকার কিন্তু দেশনাটকের ‘বাদলদা’। আশির দশকের শেষার্ধে বাদলদাকে দেশনাটক আমন্ত্রণ জানাল ঢাকায়, অর্থাৎ বাংলাদেশে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে উড়ে এলেন ২৭ মিনিটের দূরত্বে বাংলাদেশে, সঙ্গে নিয়ে এলেন একরাশ নাট্য-বিষয়ে অজানা-অচেনাদের। ১৫ দিন ধরে আমরা মুগ্ধ হয়ে আবিষ্ট রইলাম তাতে। তবে তাঁর সশরীর উপস্থিতির বহু আগেই তাঁর লেখা নাটক বাকি ইতিহাস, ভোমা ইত্যাকার কাজ পৌঁছে গেছে এ দেশে। পৌঁছাতে তো হবেই, নাট্যরচনার আধুনিক শৈলী অস্বীকার করার ক্ষমতা নাট্যকর্মীদের থাকে না। বাদলদা—আমাদের বাদলদা—কত-শত যত্নে আমরা ভাসাতে চাইলাম তাঁকে। কিন্তু প্রয়োজনের অধিক একটি কণাও তিনি গ্রহণ করেন না। আর সেই প্রয়োজনের পরিমাণ এতই কিঞ্চিৎ, যা প্রচলিত সমাজে সর্বোচ্চ কৃচ্ছ্র! বকুল-শেলী আপাদের বাসায়ই আবাস ছিল তাঁর। আমার দায়িত্ব ছিল তাঁর গণযোগাযোগ, তাঁর বাইরের সব ব্যবস্থাপনার। আমাদের দেশনাটক তখন খুদে শিশু। আমরা ভাবলাম, ঢাকায় এসে আমাদের মতো কয়েকজন তরুণ কর্মীকে দেখে তাঁর যদি ভিন্ন কোনো অনুভূতি হয়—! তাই আমাদের চিরকালীন বটবৃক্ষ আতাউর রহমান, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, আলী যাকেরকে অনুরোধ জানালাম, তাঁরা যেন আমাদের সঙ্গে বিমানবন্দরে একটু উপস্থিত থাকেন। কৃতজ্ঞচিত্তে বলি, ছিলেনও তাঁরা, কারণ তাঁরা আমাদের চেয়ে অধিক জানতেন নাট্যকর্মে তৃতীয় থিয়েটারের প্রবক্তাকে!দ্বিতীয় দিন খুব সকালেই উপস্থিত হলাম তাঁর আবাসে। আমার আগেই তপন দাস ও মাসুম রেজা উপস্থিত সেখানে। অবাক হয়ে শুনলাম এই সত্তরোর্ধ্ব মানুষ বাদলদার শরীরচর্চার কথা। বাদলদাকে বললাম, ‘কীভাবে পারেন এখনো?’ তিনি বললেন, ‘থিয়েটারে বিশ্বাস রাখলে করতেই হয় এই কঠিনে বসবাস।’ এরপর বাইরে বেরোনোর আগে ঘরের ভেতর থেকে ডাকলেন আমার নাম ধরে। ঘরে ঢুকে বাদলদার পা দেখলাম মুখের সমান্তরাল, অর্থাৎ পা ওপরে, মাথা নিচে রেখে দাঁড়িয়ে (!) আছেন। এরপর ধীরে পায়ের ওপর দাঁড়িয়ে বললেন, ‘তুমিও চেষ্টা করলেই পারবে, বিশ্বাস রাখো।’ বিশ্বাস তো রেখেছি, কিন্তু সবাই কি সাধারণ থেকে অসাধারণে উত্তরণ ঘটাতে পারে? আমরা বাদলদাকে আমন্ত্রণ জানিয়েছিলাম তাঁর থার্ড-থিয়েটার বিষয়ে শিখব বলে। কিন্তু উনি কর্মশালায় কাউকে কোনো লিখিত নোট দেননি—দিতে চেয়েছিলেন ‘বিশ্বাস’। মানুষের ওপর বিশ্বাস, যা থেকে জন্ম নেয় শিল্পময় সন্ধ্যা-রাত আর সকাল-দুপুর। কোনো দিন হয়তো বিস্তারিত জানাতে পারব (বিস্তৃত পরিসরে), মানুষের প্রতি বিশ্বাস ধরে রাখার আপাত নিরাবেগী আমাদের বাদলদার কথা। তার আগ পর্যন্ত তিনি সেই জগদ্বিখ্যাত বাদল সরকার সবার কাছে উজ্জ্বল থাকুন তাঁর সৃষ্ট নাট্যকলায়। দেশনাটকের বাতিঘর বাদলদা আমাদের কাছে থাকবেন অক্ষয় হয়ে।