অগোচরে শাহরুখ-ক্যাটরিনার ঈদ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা শাহরুখ খানকে আমুদে হিসেবেই জানেন তাঁর ভক্তরা। অবশ্য এবারের ঈদে তাঁর ‘আমুদে’ চেহারাটা দেখতে পাননি শাহরুখ-ভক্তরা। কারণ, এবারে ঈদে বলিউডপাড়াতেই যে তাঁর পা পড়েনি! তিনি এখন মুম্বাই থেকে অনেক দূরে। লাদাখে। সেখানেই যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন একটি চলচ্চিত্রের জন্য শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। এবারের ঈদ সেখানেই পালন করেছেন তিনি। তাঁর সঙ্গে লাদাখেই ঈদ করেছেন ক্যাটরিনা কাইফও! এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।ঈদে লাদাখের একাকিত্ব কাটাতে শাহরুখ বেছে নিয়েছেন টুইটার। টুইট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের ঈদ উদযাপন সম্পর্কে টুইট করে জানিয়েছেন, ‘ঈদে পুরোপুরি একা, দীর্ঘ সরু পথ। দীর্ঘদিন পর নিজেকে ভালোবাসার একটা সুযোগ পেয়েছি। এবারের ঈদের খুশি লাদাখের খুশির বাতাসের সঙ্গে ভাগ করে নিয়েছি।’ঈদের খুশি ভক্তদের সঙ্গে ভাগ করতে গিয়ে যে তথ্য তিনি জানিয়েছেন তা হলো, শাহরুখের নতুন চলচ্চিত্র আসছে! কিন্তু এর নাম এখনো প্রকাশ করেনি যশ রাজ ফিল্মস; এমনকি শাহরুখ নিজেও কিছু বলেননি। তবে চলচ্চিত্রটি যে নিখাদ রোমান্সধর্মী হবে, তার আভাস দিয়েছেন তিনি। রোমান্সধর্মী চলচ্চিত্র, কিন্তু তাঁকে দেখা যাবে সেনাবাহিনীর এক কর্মকর্তার ভূমিকায়। শাহরুখের নতুন চলচ্চিত্রের নায়িকা কে হচ্ছেন? এ তথ্য ফাঁস করেছেন এর নায়িকা ক্যাটরিনা কাইফ। ‘শিলা কি জাওয়ানি’খ্যাত ক্যাটরিনা কাইফ এ বছর নতুন একটা রেকর্ড গড়তে যাচ্ছেন, তা হচ্ছে সালমান ও আমিরের পর শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন তিনি নতুন এ চলচ্চিত্রে। এতে ক্যাটরিনা ছাড়াও থাকছেন আনুশকা শর্মা।এবারের ঈদে ক্যাটরিনা-সালমানের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে ছবিটি। ছবির সাফল্য, সালমানের সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতা, সিঁথিতে সিঁদুর ছাড়াও তিন খানের সঙ্গেই ছবি করে ক্যাটরিনা এখন আলোচনায়। এবারের ঈদের আলোচিত বলিউড অভিনেত্রী হিসেবে তিনি এ সময়টা মুম্বাইয়ে কাটাতে চেয়েছিলেন । কিন্তু ছবির শুটিংয়ের কারণেই শাহরুখের মত লাদাখেই থেকে যেতে হয়েছে তাঁকেও। চলচ্চিত্রটির শুটিং ভেন্যু নিজেই ঠিক করেছিলেন শাহরুখ। তাঁর পছন্দের স্থান লাদাখে। কিন্তু ঈদের সময়টা সেখানে কাটাতে হওয়ায় পরিবারের সবাইকে খুব মিস করেছেন তিনি। মুম্বাই ফিরতে চেয়েছিলেন, কিন্তু কাজ তাঁকে আটকে দিয়েছে। তাই এবারের ঈদ অগোচরে পালন করে নিজেকে সান্ত্বনা দিয়েছেন বাতাসের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে! ক্যাটিরনা নয়, লাদাখে শাহরুখ স্রেফ বাতাসের সঙ্গেই ঈদ করেছেন, টুইটারে শুধু এটুকু আভাসই দিয়েছেন তিনি।