অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে অভিনয়শিল্পী সংঘ
রাজধানীর পুরান ঢাকার নবাব কাটরা এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে এসে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘ। অগ্নিদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে তারা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী সপ্তাহে সংগঠনটির কার্যকরী পরিষদের সভা আহ্বান করা হয়েছে।সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে যান অভিনয়শিল্পী সংঘের সহসভাপতি ইনামুল হক, সাধারণ সম্পাদক তুষার খান, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মিনু ও যুগ্ম সম্পাদক বন্যা মির্জা।তাঁরা রোগীদের সঙ্গে কথা বলেছেন। পরে বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেনের সঙ্গে তাঁরা চিকিৎসায় সহায়তার ব্যাপারে আলোচনা করেন। তুষার খান বলেন, ‘সামন্ত লাল সেন আমাদের পুনবার্সনের ব্যাপারটি বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। রোগীদের সুস্থ হওয়ার পর তাদের পুনর্বাসন করা জরুরি হয়ে পড়বে। কারণ অগ্নিকাণ্ডে সবাই একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরাও ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কারণ এ কাজ কারও একার পক্ষে সম্ভব নয়। পুনর্বাসনকাজে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’