

প্রতীকবিশারদ তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। রবার্ট ল্যাংডন নামে সুপরিচিত। দান্তে অ্যালিগিরেইর দ্য ডিভাইন কমেডি কাব্যে একটা সংকেত দেখে বুঝতে পারেন, বিশ্বজুড়ে গণহত্যার এক আয়োজন চলছে। যে করেই হোক থামাতে হবে। প্রফেসর ল্যাংডন তাই দেরি না করে ছুটে গেলেন ইতালির ফ্লোরেন্স ও ভেনিস নগরে। সামনে অনেক বাধা আর ধাঁধা। সমাধানের খোঁজে ল্যাংডন ঢুকে পড়েন ধ্রুপদি শিল্পকলার অনেক গভীরে। সেখানে খুঁজে পান অনেক গোপন কুঠুরি আর ভবিষ্যৎ-মুখী বিজ্ঞানের হাতছানি। অতিরিক্ত জনসংখ্যা, মানুষের তৈরি একটি ভাইরাস, স্মৃতিবিলোপ, দান্তের মহাকাব্য প্রভৃতি নিয়ে অজস্র ধাঁধার সমাধান খুঁজে বেড়ান ল্যাংডন। মানবজাতির জন্য আসন্ন কয়েকটি অবশ্যম্ভাবী সংকট এড়ানোই তাঁর উদ্দেশ্য। অগ্নিকুণ্ডের সামনেও থাকেন অবিচল।
এ গল্প ইনফার্নো চলচ্চিত্রের। ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির পরিচালক রন হাওয়ার্ড। তিনি একই লেখকের কাহিনি নিয়ে আরও দুটি ছবি দ্য দা ভিঞ্চি কোড এবং অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস বানিয়ে সফল হয়েছেন। প্রফেসর ল্যাংডনের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাংকস। তাঁর সঙ্গে আছেন ফেলিসিটি জোন্স, ওমর সাই, বেন ফস্টার প্রমুখ। ভারতীয় তারকা ইরফান খানও অভিনয় করেছেন ইনফার্নোয়। তাঁর দেশে ইতিমধ্যে ছবিটি নিয়ে বিস্তর আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের। এ প্রসঙ্গে ইরফান বলেন, শুধু ভারতে নয়, গোটা বিশ্বে ছবিটি সফল হয় কি না তাই দেখার অপেক্ষায় আছেন তিনি।
পরিচালক রন হাওয়ার্ড বললেন, চিত্রনাট্যের প্রয়োজনে মূল কাহিনি কিছুটা বদলে দিতে হয়েছে তাঁকে। মূল উপন্যাস যাঁরা পড়েছেন, ছবিটির শেষটা দেখে তাঁদের খটকা লাগতে পারে। এ যেন হলিউডের চিরায়ত অ্যাকশনের পুনরাবৃত্তি। ড. সিয়েনা ব্রুকস যে প্রতিপক্ষেরই একজন, সেটা ধরা পড়ে যায়। তিনি সেই বিত্তশালী বিজ্ঞানীর সাবেক স্ত্রী, যে লোকটা মানববিধ্বংসী ভাইরাস তৈরি করেন। আর বাতাসবাহী রোগ ছড়িয়ে দেওয়ার উপযোগী একটি বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নেন। অবশেষে প্রফেসর ল্যাংডনের প্রচেষ্টায় ভাইরাসটিকে নিরাপদে বন্দী করা সম্ভব হয়।
জটিল জটিল সমস্যার সহজ সমাধান খুঁজতে গিয়ে নানা সমস্যায় পড়েন ল্যাংডন। উৎরেও যান অনন্য দক্ষতায়। ছবিটির মূল অভিনেতা টম হ্যাংকস বলেন, এই ছবির বিষয়বস্তু তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়েরই প্রতিধ্বনি।
আশিস আচার্য
ভয়েস অব আমেরিকা, মুভি ইনসাইডার ও ফার্স্টপোস্ট অবলম্বনে