অগ্নিপুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের মেয়ে এমা আসছে ঘরে। বাবা গোয়েন্দা কর্মকর্তা টমাস ক্রেভেন (মেল গিবসন) এমনিতে খুব শক্তপোক্ত মানুষ। কিন্তু সেদিন টমাসের অন্য রূপ। বহু দিন পর মেয়ের সঙ্গে দেখা হবে! বাবা টমাসের মনে ভিড় করছে কত স্মৃতি! যত্ন করে সেদিন দাড়ি কামান মানুষটা। তারপর বিমানবন্দরে মেয়ের জন্য ব্যাকুল প্রতীক্ষা। বাবা ছুটে এসে জাপটে ধরেন মেয়েকে। মেয়ে মুখ লোকায় বাবার বুকে। একদম সেই ছোট্টবেলার মতো। বাপ-বেটি মিলে ঘরে আসেন। রান্নাবান্নার জোগাড়যন্তর শুরু করেন বাবা। একটু পরই ভয়াবহ এক দুঃস্বপ্নে পরিণত হয় টমাসের সুখের মুহূর্ত। টমাস বুঝতে পারেন, এমা অসুস্থ। হাসপাতালের পথে ছোটে তাঁর গাড়ি। পথেই আচমকা গাড়িতে গুলি চালায় মুখোশধারী আততায়ী। টমাসের বুকে মাথা রেখেই মারা যায় বহু দিন পর বাবাকে দেখতে আসা তাঁর আদরের কন্যা। শোকে বিহ্বল টমাস বুঝে উঠতে পারেন না কিছু। ‘এ নিশ্চয়ই ক্রেভানের পুরোনো কোনো শত্রুর কাজ। বাবাকে খুন করতে গিয়ে মেয়েকে মেরে ফেলেছে।’—এমনটাই হয়তো ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু আস্তে-ধীরে রহস্যের জট খুলতে থাকে। আততায়ীর নিশানা ছিল আসলে এমাই। টমাস নয়। বাবা জানতে পারেন সঙ্গে পিস্তল রাখতে শুরু করেছিল মেয়ে। কার ভয়ে? প্রতিশোধের আগুন বুকে নিয়ে আবার বিপজ্জনক পথে নামেন টমাস ক্রেভান।এজ অব ডার্কনেস—ছবির বাকি কাহিনিতে কী ঘটল? জানতে হলে ছবিটা দেখা চাই। তারও আগে বলতে চাই, ছবির পুরো মজাটা পেতে হলে আর কটা দিন অপেক্ষা করতে পারলে ভালো হয়। ঢাকার বিভিন্ন দোকানে ছবিটার দুর্বল কিছু কপি পাওয়া যাচ্ছে এখন। রয়ে-সয়ে কদিন খুঁজলে ভালো কপির সন্ধান ঠিক পেয়ে যাবেন।আলোচিত ছবির তালিকায় এজ অব ডার্কনেস রাখতে পারেন মূলত দুটো কারণে।অভিনেতা-পরিচালক দুই পরিচয়েই সমান খ্যাতিমান অস্কারজয়ী মেল গিবসন। ব্রেভহার্ট, দ্যপ্যাট্রিয়ট, কিংবা লেথাল ওয়েপন-এর মতো ছবিগুলো যাঁরা দেখে ফেলেছেন, তাঁরা তো এই ছবি খুঁজবেনই। কারণ শুধু একজন। তিনি মেল গিবসন। বহু দিন পর প্রিয় অভিনেতাকে সেই তেজি পুরুষালি রূপে দেখার সুযোগ নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না তাঁর ভক্তরা। আরও একটা কারণ হতে পারেন পরিচালক মার্টিন ক্যাম্পবেল। এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় পরিচয় জেমস বন্ড সিরিজের ছবি ক্যাসিনো রয়াল—এর নির্মাতা তিনি। তাঁর কাছ থেকে জমজমাট একটা অ্যাকশন থ্রিলার আশা করাই যায়।ইকবাল হোসাইন চৌধুরী