অঙ্কে ফেল করার কারণে বকুনি খেয়েছিলাম: পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার ২০০৮ সালের প্রথম রানারআপ পড়শী। তাঁর প্রথম অ্যালবামের নামও ‘পড়শী’। এ পর্যন্ত পড়শীর তিনটি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি মিশ্র অ্যালবাম ও সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘জয় হবেই হবে’ শিরোনামে একটি দ্বৈত গান করেছেন খুদে গানরাজখ্যাত এই গায়িকা। গান ও গানের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পড়শী।

পড়শী
পড়শী

বর্তমানে কী কাজ করছেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘জয় হবেই হবে’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন ইমরান। এটা মূলত বাংলাদেশের যেকোনো উত্সব ও আয়োজনে গাওয়া যাবে। কিছুদিন পরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করব। পরবর্তী সময় গানটি একক কণ্ঠেও করতে চাই।

আপনি ক্রিকেট খেলা দেখেন?

সব সময় দেখা হয় না। তবে সময় পেলে ক্রিকেট দেখি। বাংলাদেশের খেলা খুব একটা মিস করি না।

আপনার প্রিয় ক্রিকেটার?

আমার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর খেলা অনেক ভালো লাগে।

আপনার ‘বর্ণমালা’ ব্যান্ডের কী খবর?

এখন আমরা শুধু স্টুডিও কনসার্টগুলোতে অংশগ্রহণ করছি। খুব শিগগির ব্যান্ডের অ্যালবামের কাজ শুরু করব।

কখন গান অনুশীলন করেন?

আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। তাই বেশির ভাগ সময় রাতে গান অনুশীলন করি।

সংগীতশিল্পী না হলে কী হতেন?

আগে নাচ শিখতাম। তবে সংগীতশিল্পী না হলে আমি কিছুই হতে পারতাম না।

প্রিয় সংগীতশিল্পী

রুনা লায়লা এবং লতা মুঙ্গেশকর।

তাঁদের গান শোনেন?

তাঁদের গানই খুব বেশি শোনা হয়। চেষ্টা করি তাঁরা কীভাবে গান করেন সেটা বুঝতে। তাঁরাই আমার গানের আদর্শ।

ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

আমার প্রথম অ্যালবাম ‘পড়শী’ ।

খ্যাতির বিড়ম্বনায় কখনো পড়েছেন ?

অনেক পড়তে হয়েছে। তবে ব্যাপারটা আমি খুব উপভোগ করি। গানের অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রায়ই অটোগ্রাফ ও ফটোগ্রাফের জন্য ভিড় হয়ে যায়। একরার গাড়িতে উঠেছি এমন সময় আমার ভক্তরা অটোগ্রাফ নিতে এসে আমার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিল। তবে বিষয়টা আমি একেবারে সিরিয়াস নেইনি, আমার কাছে এসব বিড়ম্বনা মনে হয় না বরং খুব বেশি আনন্দ লাগে।

পড়শীর গোপন কথা

ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে অঙ্কে ফেল করেছি। ফাইনালে শুধু পাস করতে পেরেছিলাম। প্রথম যখন ফেল করি তখন ভয়ে অস্থির ছিলাম। বাসায় খাতা এনে লুকিয়ে রেখেছিলাম যাতে আমার নানু না দেখতে পান। কিন্তু ভোর বেলা ঘুম থেকে জেগে দেখি নানু খাতাটি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। অঙ্কে ফেল করার কারণে নানুর বকুনি খেয়েছিলাম।

পড়শীর পড়াশোনা

আমি ক্যামব্র্রিয়ান কলেজে কর্মাস বিভাগে প্রথম বর্ষে পড়ছি।

প্রথম গাওয়া গান

‘এখন আকাশে চাঁদ’। এই গানটি নানু গাইতেন। ছোটবেলায় নানুর মুখ থেকে শুনে আমিও গাইতাম।