অচিন পাখির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে গতকাল অচিন পাখি সংগীত একাডেমীর অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা, প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে গতকাল অচিন পাখি সংগীত একাডেমীর অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা, প্রথম আলো

প্রদীপ প্রজ্বালন আর শিশুদের কণ্ঠে ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’ গানটি দিয়ে শুরু হয়েছিল অচিন পাখি সংগীত একাডেমীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যায় ফরিদা পারভীন ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীন লালন সাঁইয়ের গানের চর্চা ও গবেষণার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন অচিন পাখি সংগীত একাডেমি। গতকাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞানপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মোশাররফ হোসেন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সিব্বির হোসেন। সভাপতিত্ব করেন অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ ফরিদা পারভীন।

পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘মূর্ছনা’ শীর্ষক পর্বে ছিল লালন সাঁইজির গানসহ রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও দেশাত্মবোধক গানের পরিবেশনা। ‘সুর লহরী’ পর্বে বাঁশিতে সুরের ইন্দ্রজাল ছড়িয়ে দেন গাজী আবদুল হাকিম ও তাঁর দলের শিল্পীরা। অনুষ্ঠানটি শেষ হয় ফরিদা পারভীনের পরিচালনায় ‘সত্য বল সুপথে চল’ নামের একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় লালনের গান দিয়ে।

দেয়াল পত্রিকা উৎসব

ঝলমলে রোদের সকাল। চারিদিকে রঙিন পোস্টার। ‘মুক্ত প্রকাশ মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী দেয়াল পত্রিকা উৎসব ২০১৪। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

সুলতানা কামাল বলেন, ‘দেয়াল পত্রিকার একটা দীর্ঘ ইতিহাস আছে। একসময় প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চবিদ্যালয়ে তথা বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চলত, এখন সেটা দেখা  যায় না। নিজের মুক্ত চিন্তার কথা প্রকাশ করার মতো এ মাধ্যমটিকে বাঁচিয়ে রাখার জন্য এ আয়োজন অত্যন্ত গুরুত্ববহ। মানুষ তার নিজের কথা অনেক সময় উপযুক্ত স্থানে প্রকাশ করতে পারে না। দেয়াল পত্রিকা চর্চার ব্যবস্থা থাকলে সহজেই নিজের কথা কারও বাধ্যবাধকতা ছাড়া সহজেই প্রকাশ করতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, লেখার মাধ্যম ছাড়া মানুষ তার প্রয়োজনীয় কথাটি প্রকাশ করতে পারে না। আর মুক্তভাবে লেখা চর্চার এক অনন্য মাধ্যম দেয়াল লেখন। ভবিষ্যতের গণতন্ত্রমনা একটি জাতি গঠনের জন্য এ মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০ ও ২১ মার্চ উৎসব চলবে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ২২ মার্চ উৎসবের শেষ দিন চলবে সকাল ১০ থেকে দুপুর দুইটা পর্যন্ত।

 অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসিমা আক্তার হোসাইন।