অজিত রায় ও মাহবুবুল আলম চৌধুরীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ছিল ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রদান করা হয় কবি মাহবুবুল আলম চৌধুরী (মরণোত্তর) ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম শব্দসৈনিক সংগীতশিল্পী অজিত রায়কে। অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার অজিত রায়ের হাতে সম্মাননা পদক তুলে দেন। মাহবুবুল আলমের পক্ষে পদক গ্রহণ করেন তাঁর জামাতা ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন একাডেমির নির্বাহী পরিচালক সংগীতশিল্পী রুপু খান। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সিজ্জিল আলাভী। সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে অজিত রায় বলেন, ‘সম্মাননা মানে ভালোবাসা। লোকে আমাকে ভালোবাসে, এ সম্মাননা তারই প্রমাণ। লোকে আমাকে এখনো এত ভালোবাসে, এই ভেবে মাঝে মাঝে বিচলিত বোধ করি।’ পরে মোমতাজ আলী খানের লেখা ও সুর করা ‘বাংলাদেশের মাটি ওগো তুমি আমার জন্মস্মৃতি’ গানটির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সরস্বতী চক্রবর্তী গেয়ে শোনান, ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’। রুপু খান পরিবেশন করেন ‘বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে’ এবং ‘নিশিতে যাইও ফুলবনে’।