অজিত রায় স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজয় নিশান উড়ছে ওই/ বাংলার ঘরে ঘরে’ গানটি গেয়েছিলেন শিল্পী অজিত রায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দেশ তখন পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়ার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ের দ্বারপ্রান্তে। বিগত শতকের ষাট দশক থেকে যত প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তার সহায়ক শক্তি হিসেবে অজিত রায় বিশেষ ভূমিকা রেখেছেন। দেশের নানা প্রান্তে তিনি ছুটে গেছেন। ভরাট উদাত্ত কণ্ঠে গণসংগীত গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। এক বছর আগে গণসংগীত ও রবীন্দ্রসংগীতশিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ ও সংগীতসৈনিক অজিত রায় চলে গেছেন না ফেরার দেশে। গতকাল মঙ্গলবার তাঁর সহশিল্পী, সুহূদ ও অনুরাগীরা কথা ও গানে স্মরণ করেন তাঁকে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ। আলোচনায় অংশ নেন ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও অজিত রায়ের ছেলে রোমাঞ্চ রায়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানজার চৌধুরী।