অজিত রায়ের অবস্থা গুরুতর
বিশিষ্ট সংগীতশিল্পী অজিত রায় এখন গুরুতর অসুস্থ। বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। চিকিত্সকদের মতে, তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। অজিত রায়ের মেয়ে শ্রেয়সী রায় জানান, আজ শনিবার তাঁর (অজিত রায়) ব্রঙ্কোস্কোপি করা হবে। প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়েছে একজন ক্যানসার বিশেষজ্ঞকেও। অজিত রায় দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন। কলকাতায় তাঁর দুবার অস্ত্রোপচার করা হয়। অজিত রায়ের পারিবারিক বন্ধু তপন মাহমুদ জানান, হঠাত্ অসুস্থ হওয়ায় ঈদের আগের দিন মঙ্গলবার তাঁকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর দেহে নিউমোনিয়া ধরা পড়ে। এরপর বৃহস্পতিবার অজিত রায়কে ভর্তি করা হয় বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। এখন তাঁকে সেখানেই প্রয়োজনীয় সব চিকিত্সা দেওয়া হচ্ছে।অজিত রায়ের পরিবারের পক্ষ থেকে তাঁর উন্নত চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অজিত রায় অসংখ্য গানের সুর করেছেন। তিনি স্বাধীনতা পদক (২০০০ সাল) ও রবীন্দ্র পদক (২০১১ সাল) পেয়েছেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী ও সুরকার।