অজিত রায়ের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা পদক (২০০০ সাল) ও রবীন্দ্র পদক (২০১১ সাল) পাওয়া বিশিষ্ট সংগীতশিল্পী অজিত রায় এখন গুরুতর অসুস্থ। বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে তাঁর অবস্থা সংকটাপন্ন। অজিত রায়ের মেয়ে শ্রেয়সী রায় জানান, গতকাল শনিবার অজিত রায়ের দেহে ব্রঙ্কোস্কোপি করা হয়েছে। প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য একজন ক্যানসার বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হচ্ছে। অজিত রায় দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন। ভারতে কলকাতার হাসপাতালে তাঁর ফুসফুসে দুইবার অস্ত্রোপচার করা হয়। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি এবং অজিত রায়ের পারিবারিক বন্ধু তপন মাহমুদ জানান, হঠাৎ অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার অজিত রায়কে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর দেহে নিউমোনিয়া ধরা পড়ে। এরপর বৃহস্পতিবার অজিত রায়কে ভর্তি করা হয় বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। অজিত রায়ের পরিবারের পক্ষ থেকে তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে। বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অজিত রায় অসংখ্য গানের সুর করেছেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ও সুরকার।