অজিত রায়ের একাত্তরের দিনগুলো
‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা’সহ অসংখ্য হূদয়স্পর্শী গানের স্রষ্টা অজিত রায়। সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি—স্বাধীনতা পুরস্কারে ভূষিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিক সঙ্গীতসাধনায় কাটিয়ে দিয়েছেন পাঁচটি দশক। স্বাধীনতার এই মহান মাসে আনন্দ মুখোমুখি হয়েছিল তার। বিষয় ছিল সেই মুক্তিযুদ্ধই। সেই ফাঁকে অবধারিতভাবেই চলে এসেছে তার জীবনযুদ্ধেরও গল্প। লিখেছেন রাজীব হাসানবসার ঘরের এক কোণে ডাবল রিডের হারমোনিয়ামটার বাস। পাশে উল্টো করে রাখা তবলা আর বায়া। পুরো বাড়িতে এ যেন এক অন্য জগত্। যে জগতে একমাত্র প্রবেশাধিকার মা কণিকা রায়ের। অবশ্য তা নিয়ে তেমন আগ্রহ নেই কিশোর অজিতের। দরজার আড়ালে দাঁড়িয়ে, মায়ের কণ্ঠে ‘আমারও পরান যাহা চায় শুনে’ যে দু-একবার চোখের জল ফেলেনি, তেমনটা নয়। কিন্তু সঙ্গীতপ্রীতি বলতে সেটুকুই। তার বরং ভালো লাগে পাড়াময় দাপিয়ে বেড়াতে। রোজ বিকেলে স্কুলের মাঠে যখন ফুটবল পায়ে দুরন্ত গতিতে সে ছোটে, তাকে আটকায়—এমন সাধ্যি কার!কী যে হলো, সেই ছেলেটাই কেমন যেন বদলে গেল আমূলে। পাকিস্তান সরকার ইতিমধ্যে খোঁড়া অজুহাতে নিষিদ্ধ করেছে ‘রবীন্দ্রনাথ’। হায়, প্রতিটা বাঙালির হূদয়ের গভীরতম প্রদেশে যার বাস, তাকে কিনা তারা মুছে ফেলতে চায় চোখের সামনে থেকে! শাসকগোষ্ঠীর নির্বুদ্ধিতায় কিশোর অজিতের হাসি পায় ঠিকই। আবার বোঝে, তার নিজস্ব সংস্কৃতি আজ বিপন্ন। দুরন্ত ছেলেটার ‘সুবোধ বালক’-এ পরিণত হওয়ার রহস্য এটাই। বিকেলে খেলার মাঠে তাকে খুঁজে পায় না বন্ধুরা। অবাক বিস্ময়ে সবাই আবিষ্কার করে, যে হারমোনিয়ামটির দিকে মুখ তুলেও চাইত না সে, আজ যেন তার সমস্ত ভাবনাজুড়ে সেই হারমোনিয়াম, চেতনাজুড়ে সঙ্গীতের বাস। সেই শুরু। ইতিমধ্যে পেরিয়ে গেছে পাঁচ-পাঁচটি দশক। কত দ্রুতই না বদলে গেছে পৃথিবীর মানচিত্র, স্বদেশের ছবি। কিন্তু এতটুকু বদলে যায়নি অজিত রায়ের শিল্পীসত্তা। আজও তার চেতনাজুড়ে বাঙালি সংস্কৃতি—রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত। চোখের দৃষ্টি ঘোলা হয়েছে, তার ওপর চেপে বসেছে পুরু লেন্সের চশমা। কিন্তু আজও চোখ মেলে তাকাতেই তার সামনে স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে একাত্তর। সেই গল্পটাই শোনালেন তিনি। চেয়ারে মাথা এলিয়ে দিয়ে অর্থশূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বুঝলাম, স্মৃতির ডায়রিটা নেড়েচেড়ে দেখছেন। যার অস্তিত্বের বড় অংশজুড়ে মুক্তিযুদ্ধ, একাত্তর শুনলে তিনি স্মৃতিকাতরই তো হবেন। তার ভাবনার জগতে অনুপ্রবেশ করতে ইচ্ছে হলো না। সেই ফাঁকে বরং তার বসার ঘরটার দিকেই একটু চোখ ফেরানো যাক। কল্যাণপুরের একটা ভাড়া-বাসায় থাকেন তিনি। সঙ্গে স্ত্রী বুলা রায়। মেয়ে শ্রেয়সীর বিয়ে দিয়েছেন, চট্টগ্রামে থাকেন। ছেলে রোমাঞ্চ পড়াশোনা করছেন ভারতে। ছোট্ট একটা বসার ঘর। আলমিরায় সারি সারি সাজানো পদক। তারই এক পাশে বাংলা সাহিত্যের সব শ্রেষ্ঠ সৃষ্টিকর্মের ছোট্ট সংগ্রহশালা। দেয়ালজুড়ে অসংখ্য সম্মাননাপত্র। কিছু ছবি। তারই একটায় আটকে গেল চোখ। ২০০০ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকের মেডেল পরিয়ে দিচ্ছেন তাকে। চমক ভাঙল তার কথায়, ‘আমি ঢাকায় আসি ষাটের দশকের শুরুতে। বুকে স্বপ্ন—বড় সঙ্গীতশিল্পী হওয়ার। তখন ঢাকার পরিস্থিতি বেশ উত্তপ্ত। শিল্পীসমাজ, সাহিত্যিক, ছাত্র, রাজনীতিক—যে যার ভাষায় প্রতিবাদে মুখর। রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার সময়ই চেতনাবোধটা শানিত হয়েছিল।’ ফলে ঢাকার সেই আন্দোলন থেকে বিচ্ছিন্ন রাখতে পারলেন না নিজেকে। জড়িয়ে পড়লেন বিক্ষুব্ধ শিল্পীসমাজের সঙ্গে। প্রতিটা গণসঙ্গীতের আয়োজনেই তার সরব উপস্থিতি। দরাজ কণ্ঠের কারণে ইতিমধ্যেই নজর কেড়েছেন সবার। কবিতায় সুরারোপ করার নেশাটা তখনই পেয়ে বসে তাকে। সময়ের প্রয়োজনে কখনো রবীন্দ্রনাথ-নজরুল, কখনো বা সত্যেন্দ্রনাথ-সুকান্ত। একসময় অখেন্দু চক্রবর্তী, আলতাফ মাহমুদ, শেখ লুত্ফর রহমান, আব্দুল লতিফ, আপেল মাহমুদের সাহচর্যে আসেন। বললেন, ‘তখনো যুদ্ধ শুরু হয়নি। কিন্তু মানসিকভাবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম আমরা। সে সময়ের গানগুলো তারই প্রমাণ। মনে হতো, আমার ভেতরে যে বোধের, যে স্বপ্নের জন্ম নিচ্ছে, আমি যেন তা ছড়িয়ে দিতে পারি সবার মাঝে।’১৯৬২ সাল থেকে স্বাধীনতার পরেও বেশ কবছর পর্যন্ত একুশে ফেব্রুয়ারি এলেই নতুন কোনো গান বাঁধতেন তিনি। কেউই জানত না, প্রতিটা গান উত্সর্গ করা হতো ভাষা শহীদদের। তার কণ্ঠ দিয়েই ‘আমার সোনার বাংলা’ গানটি সঞ্চারিত হয় বাঙালির হূদয়ে। সেই ধারাবাহিকতায় জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় সেই গান। কিন্তু এ ব্যাপারে কোনো কৃতিত্ব নিতে নারাজ তিনি। বললেন, শুধু আমি তো গাইতাম না। ফাহিমদা খাতুন, জাহিদুর রহীমও গেয়েছেন সেই গান। পাশাপাশি আমিও গেয়েছি।’ কিন্তু তার কণ্ঠেই এই গানে একটা অদ্ভুত মোহ তৈরি হয়—ঠিকই ধরতে পেরেছিলেন খান আতাউর রহমান। জীবন থেকে নেয়াতে গাইবার জন্য তাই ডাক পড়ল তার। শুনে মুগ্ধ হলেন জহির রায়হানও। ওই ছবিতে আরো দুটো গানে কণ্ঠ দিয়েছেন তিনি—‘কারার ওই লৌহ কপাট’ আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’। একাত্তরের সেই উত্তাল সময়ে দলবেঁধে গান করে বেড়িয়েছেন তারা। কখনো শহীদমিনার, প্রেসক্লাব, রাস্তায়, কখনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত অনুষ্ঠানে। এমনও দিন গেছে, খাবার-গোসলের ফুরসত পাননি। দিনমান শুধু গান আর গান। ‘কখনো ক্লান্তবোধ করতাম না। এখন ভেবে অবাক হই, কোন সে শক্তি ভর করেছিল আমাদের ওপর? এখন তো গান শুনে মানুষ বিনোদিত হয়। আর তখন হতো উদ্দীপ্ত!’ মার্চ মাসের দিকে আরো খারাপ হলো পরিস্থিতি। হাতিরপুলে একটা ঘর ভাড়া নিয়ে থাকেন। বিয়ে-থা করেননি তখনো। আজ এখানে, কাল ওখানে করে কাটিয়েছেন। তার ইচ্ছে, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে যোগ দেবেন। কিন্তু তার হাত-পা একরকম বাঁধা। একদিকে কারফিউ চলছে শহরে। রংপুরে মা-বাবার খোঁজ মিলছে না। হঠাত্ একদিন খবর আসে, নিরাপদেই আছেন তারা। কিছুটা দুঃশ্চিন্তামুক্ত হন অজিত রায়। আর কোনো বাধা রইল না তার সামনে। এখন শুধু দিন গোনা—কবে যোগ দেবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে?কিন্তু অপেক্ষার আর শেষ হয় না। দেখতে দেখতে চলে আসে জুন মাস। খবর পান, পাকবাহিনীর তালিকায় উঠে গেছে তার নাম। ঘোরতর সেই দুর্দিনে তাকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছিলেন বুলবুল একাডেমির আমানুল্লাহ চৌধুরী আর রাহিজা খানম। তাদের সংসারে কিছুকাল কাটানোর পর খবর পাঠান তার ছাত্র মনিরুল ইসলামকে। মনিরুল গেরিলা হিসেবে অংশ নিয়েছিলেন যুদ্ধে। তার খবর পেয়ে একদিন ছয়-সাত জন গেরিলাযোদ্ধা সঙ্গে নিয়ে মনিরুল গোপনে চলে আসেন ঢাকায়। তারাই তাকে সাহায্য করেন সীমান্ত পার হতে। সেই স্মৃতি রোমন্থন করে অজিত রায় বললেন, ‘দিনে লুকিয়ে থাকতাম। যে জেলায় পৌঁছাতাম সেখানকার মুক্তিযোদ্ধারাই সব ব্যবস্থা করে দিত। রাতে আবার শুরু হতো যাত্রা। কখনো পায়ে হেঁটে, কখনো নদীপথে, বাসে।’ তিন দিন পর তারা পৌঁছে যান ভারত। যাত্রার ঝক্কি একটু সইতে না সইতেই আবার ‘অস্ত্র’ হাতে ছুটতে হয় তাকে। যে অস্ত্রের নাম সঙ্গীত। সঙ্গীতের জাদুকরি ছোঁয়ায় মানুষকে উজ্জীবিত করতে ‘মুক্তিকামী শিল্পী সংস্থা’র শিল্পীরা তখন ছুটছেন শরণার্থী শিবির থেকে খোলা প্রান্তরের খোলা মঞ্চে। প্রিয় স্বদেশভূমি তখন রাক্ষসের থাবায় বিপন্ন। চারদিকে ঘনায়মান দুঃসময়। তবুও হাল ছাড়েন না কেউই। অজিত রায় বললেন, ‘মুক্তিকামী শিল্পী সংস্থার সভা ছিল সেদিন। সভায় উপস্থিত ছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী শচীন সিংহ। ‘বল বীর’ আর ‘আমার সোনার বাংলা’—দুটো গান গাইলাম। আবেগে তিনি জড়িয়ে ধরলেন আমাকে। লোকটা পান খেতেন বিস্তর। আবেগের বেগে কথার সঙ্গে পাল্লা দিয়ে ছোটে পানের পিক! সে এক বিচ্ছিরি অবস্থা। কিন্তু সেদিন কেন জানি না, অসম্ভব ভালো লেগেছিল আমার!’সব মিলিয়ে এখানে ৯ দিন ছিলেন তিনি। এ সময় তাকে ডেকে পাঠানো হয় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে। সে সময়ের কোনো উল্লেখযোগ্য স্মৃতি কি মনে পড়ে আপনার? এতক্ষণ প্রায় এক নাগাড়ে বলে যাওয়ার পর যেন কিছুটা অবসর পান। আবার ডুব দেন স্মৃতির সাগরে। আনমনে হেসে ওঠেন কখনো। কখনো বা কপালে পড়ে ভাঁজ। ‘‘একটা দিনের কথা মনে পড়ছে। সেদিন ছিল চাঁদরাত। পরদিন ঈদ। শহীদুল ইসলাম লিখলেন, ‘চাঁদ তুমি ফিরে যাও’। সুর করলাম আমি। কেন চাঁদকে ফিরে যেতে বলেছি আমরা? কারণ, ‘দেখ, মানুষের খুনে রক্তিম বাংলা, রুপালি আঁচল কোথায় রাখবে বলো?’’ সারা দেশে ঈদ হচ্ছে শোকের কাফনে মুড়ে। মনটা ভীষণ খারাপ হয়ে যায় তার। মন ভালো রাখতেই সুর করেন ‘ধূমকেতু’ কবিতার। ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’, ‘শৃঙ্খল ভাঙা সুর বাজে’, ‘হে মহা মানব একবার এসো’—এ সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে তার সুরারোপিত বেশকিছু গান প্রচারিত হয়েছে। বয়সে তরুণ ছিলেন বলে সুর সৃষ্টির চেয়ে গাইতেন বেশি। পুরো একাত্তরে তার সবচেয়ে স্মরণীয় দিন হয়ে আছে ১৬ ডিসেম্বর। জানালেন, ‘আমাদের কাছে খবর এল দেশ হানাদারমুক্ত। তক্ষুনি গান লিখতে বসে গেলেন শহীদুল। সুর করলেন সুজেয় শ্যাম। সবাই মিলে গাইলাম—বিজয় নিশান উড়ছে ওই। মাত্র তিন ঘণ্টার মধ্যেই তৈরি হয়েছিল সেই গান।’‘কেমন আছেন আপনি?’ আমার রুক্ষ প্রশ্নটাই যেন ৩৫ বছর আগের স্বপ্নীল পৃথিবী থেকে পুঁতিগন্ধময় বর্তমান জগতে টেনে নামাল তাকে! ম্লান হাসিমুখই বলে দেয়, খুব একটা ভালো নেই অজিত রায়। কিছুক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করে বলেই ফেললেন, ‘দেখ, আমি মনে করি না আমার সৃষ্টিশীলতা ফুরিয়ে গেছে। ২৫ বছর বেতারে শ্রম দিয়েছি। বিনিময়ে পেনশনটাও জোটেনি কপালে। সেটা নিয়ে ভাবি না। কিন্তু আমাকে তো সঙ্গীতবিহীনই করে ফেলা হয়েছে।’ কিছুদিন আগে একটি বেসরকারি চ্যানেলে তার সঙ্গীত পরিচালনায় একটি অনুষ্ঠানই প্রমাণ করে দেয়, এখনো ফুরিয়ে যাননি অজিত রায়। তার ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা’ গানটি অনুমতি ছাড়াই ব্যবহার করছে চ্যানেলগুলো। বিকৃত হচ্ছে সুর। এ নিয়ে তার আক্ষেপের শেষ নেই। বললেন, ‘ধরো, তোমার সামনে যদি তোমার সন্তানকে তিলে তিলে মেরে ফেলা হয়, কেমন লাগবে?’এই হলেন অজিত রায়। যিনি তার সৃষ্টিকে নিজের সন্তান মনে করেন। গান যার কাছে পেশা নয়, অস্তিত্ব। অথচ সেই শিল্পীই কিনা কাটাচ্ছেন সঙ্গীতবিহীন জীবন! তার মতো ক্ষণজন্মা প্রতিভাকে অবহেলা করার যে নির্লজ্জ দুঃসাহস আমরা দেখিয়েছি, ইতিহাস কি কখনো ক্ষমা করবে আমাদের?প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০০৬