অজ্ঞান হয়ে হাসপাতালে ডেভিড ধাওয়ান
হঠাৎ অজ্ঞান হয়ে পড়ায় বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ডেভিড ধাওয়ানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষায় তাঁর রক্তে চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম পাওয়া গেছে। তিনি ‘ডায়াবেটিক কোমায়’ আক্রান্ত হওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিত্সকেরা। ডেভিড ধাওয়ানকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। সম্প্রতি বান্দ্রার একটি রেস্তোরাঁয় পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক বান্টি ওয়ালিয়া। সদ্যবিবাহিত বন্ধুর দেওয়া পার্টিতে হাজির হয়েছিলেন ডেভিড। সেখানে উপস্থিত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিষেক বচ্চনের সঙ্গে আলাপচারিতার সময় ডেভিড হঠাত্ অজ্ঞান হয়ে পড়েন। সঞ্জয় ও অভিষেক তাঁর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ডেভিডের কোনো রকম সাড়া না পাওয়ায় অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। তাঁকে দ্রুত কাছের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডেভিডের পাশে আছেন তাঁর বড় ছেলে রোহিত। ছোট ছেলে নবাগত বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান ব্যাংককে শুটিংয়ে ব্যস্ত থাকায় বাবার পাশে থাকতে পারছেন না। তবে শিগগিরই তিনি অসুস্থ বাবাকে সঙ্গ দিতে মুম্বাই ফিরে আসছেন।