অজয়-কঙ্গনার প্রেম
‘কালসাপ ঢুকেছে আমার সোনার বাসরঘরে, সাপে দংশন করে/ বিষের জ্বালায় গেলাম আমি মরে’—কাজল এখন এই গান গাইতেই পারেন। তাঁর ১৩ বছরের সংসারজীবনে এবারই প্রথম কোনো সাপের অস্তিত্ব তিনি আবিষ্কার করেছেন। বিষকাঁটা ছড়িয়েছেন যিনি, তিনি আর কেউ নন—কঙ্গনা রনৌত। অবিশ্বাস্য শোনালেও সত্যি, অজয় দেবগন-কঙ্গনা রনৌতের প্রেম নিয়ে এখন মুখর গোটা বলিউড। যদিও সর্বশেষ খবর, কঙ্গনার ছোবল থেকে নিজেকে মুক্ত করেছেন অজয়, কিন্তু তাতে কী, কাজলের মতো ব্যক্তিত্বসম্পন্ন নারী কিছুতেই অজয়ের খণ্ডকালীন প্রেমকে সাধুবাদ জানাতে পারছেন না। স্বাভাবিকভাবেই বলিউডের এই প্রিয় দম্পতির জীবনে চলছে কালবৈশাখী। অজয়-কঙ্গনার ইকুয়েশনটা আসলে কী? বন্ধুত্ব, প্রেম নাকি অন্য কিছু? প্রযোজক সঞ্জয় গুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘আপনারা এত দিনে এসব নিয়ে রিপোর্ট করছেন? অজয়-কঙ্গনার প্রেম তো তিন বছর আগেই শুরু হয়েছিল!’ সেকি! প্রেমের মাতাল হাওয়া বইছে, অথচ কাকপক্ষী এতটুকু টেরও পেল না! বলিউডে এ-ও সম্ভব? ‘অজয় বলেই সম্ভব।’ বলেছেন কঙ্গনার বন্ধু পারমিত। তিনি বলেন, ‘অজয় সবকিছুই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন। প্রচারমাধ্যমের মুখোমুখি হন কালেভদ্রে। নিজের আবেগ-অনুভূতির জায়গাগুলোই আড়াল করতে বেশি পছন্দ করেন। তিন বছর আগে ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ছবির শুটিং করতে গিয়ে দুজন কাছাকাছি এসেছিলেন। এর পরের ঘটনা তো সবার জানা।’ পরিচালক মিলন লুথারিয়া যখন অজয়ের বিপরীতে কঙ্গনাকে ওই ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন, অজয়-কঙ্গনা জুটি খুব একটা জমবে না। কিন্তু তাঁদের এই ভবিষ্যদ্বাণী ধোপে টেকেনি। অজয়-কঙ্গনা শুটিংয়ের প্রায় বেশির ভাগ সময় দুজন দুজনের কাছাকাছি আসেন। কাজল সে সময় অন্তঃসত্ত্বা। অজয় শুটিংয়ের ব্যস্ততার কারণে কাজলকে মিস করতেন। অজয়ের এই একাকিত্বকে রঙিন করে তুলতে এগিয়ে আসেন কঙ্গনা। বাড়িয়ে দেন বন্ধুত্বের হাত। কঙ্গনা জানতেন, সুপারস্টার নায়কদের ‘গুড বুকে’ থাকতে পারলে সাফল্য সুনিশ্চিত। স্বাভাবিকভাবেই অজয় কঙ্গনার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েন। কঙ্গনা ছাড়া কখনো খাবার মুখে তুলতেন না। এমনও হয়েছে, অজয় কঙ্গনাকে বাড়ি থেকে তুলে শুটিং স্পটে নিয়ে আসতেন, কখনো আবার বাড়িতে পৌঁছে দিতেন। একসময় ব্যাপারটা এমন দাঁড়াল, দুজন দুজনার হাত ধরে শুটিং স্পটে আসতেন। স্বাভাবিকভাবেই লোকচক্ষুর অন্তরালে থাকতে পারেননি দুজন। দুজনের এই সম্পর্কের বৈরী বাতাস ওলট-পালট করে দেয় অজয়ের স্ত্রী কাজলকে। কাজল শর্ত দেন, কঙ্গনার সঙ্গে আর কাজ করা চলবে না। অজয় স্ত্রীর কথা মেনে চলা তো দূরে থাক, উল্টো কঙ্গনার নাম প্রস্তাব করেন ডেভিড ধাওয়ান, সঞ্জয় দত্ত ও প্রিয়দর্শনের কাছে। সঞ্জয় দত্ত প্রযোজিত রাসকেলস ছবিতে সঞ্জয়ের পছন্দের নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু অজয়ের অনুরোধ রাখতে কঙ্গনাকে এ ছবিতে নিতে বাধ্য হন প্রযোজক সঞ্জু ও পরিচালক ডেভিড। একইভাবে প্রিয়দর্শনের তেজ ছবিটি সই করেছিলেন বিদ্যা বালান। কিন্তু শুটিং শুরু হওয়ার দুই মাস আগে অজয় পরিচালককে বোঝাতে সক্ষম হন, এ ছবিতে নায়িকা চরিত্রটি ভীষণভাবে গ্ল্যামারাস হতে হবে। আর অজয়ের মতে, বিদ্যার চেয়ে কঙ্গনা শত গুণে বেশি গ্ল্যামারাস। শেষ পর্যন্ত রাসকেলস, তেজ—দুই ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অজয়-কঙ্গনার প্রেমপ্রাচীরে প্রথম ধাক্কা লাগে যখন কঙ্গনা অজয়কে বিয়ের প্রস্তাব দেন। অজয়ের শুভাকাঙ্ক্ষীরা কঙ্গনাকে জানান, অজয় আর যা-ই হোক, কঙ্গনাকে বিয়ে করবেন না। স্বপ্ন ভাঙার শুরু তখন থেকেই। মরিশাসে এক হোটেলে মদ্যপ অবস্থায় সবার সামনে অজয়কে বিয়ের জন্য চাপ দেন কঙ্গনা। সে সময় ওই হোটেলে অনিল কাপুর, সমিরা রেড্ডি, মোহনলালও ছিলেন। বিব্রত অজয় দেবগন কঙ্গনার সঙ্গে সম্পর্কের যবনিকা টানতে শুরু করেন তখন থেকেই। নীড়ে ফিরে অজয় দেখতে পান, তাঁর সংসারের প্রদীপও নিভু নিভু। কাজল তাঁর দুই ছেলেমেয়ে নিসা-যুগকে নিয়ে তল্পিতল্পা গুটিয়ে মায়ের বাড়ি চলে গেছেন। সে সময় বন্ধু সঞ্জয় দত্তের পরামর্শেই অজয়ের সংবিৎ ফেরে। সিদ্ধান্ত নেন, কঙ্গনাবন্দনা আর নয়! যেই ভাবা সেই কাজ। ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই-২, সান অব সর্দার, বোল বচ্চন—তিন ছবি থেকেই চটজলদি বাদ দেন কঙ্গনাকে। শুধু তাই নয়, অজয়ের বন্ধু সঞ্জয়ও তাঁর সব ছবি থেকে, পারিবারিক অনুষ্ঠান থেকে কঙ্গনার নামটি চিরতরে মুছে ফেলেন। অজয়-সঞ্জয় সাংবাদিকদের জানান, কঙ্গনার মতো অপেশাদার অভিনেত্রী আর হয় না। তাঁর সঙ্গে আর কোনো অভিনয় নয়। কঙ্গনা অধ্যায়: দ্য এন্ড! মন ভেঙে যায় মিস রনৌতের। সংবাদমাধ্যমকে কঙ্গনা জানান, বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করাটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। এই ‘বিবাহিত পুরুষে’র নাম তখন কেউ ঠাওর করতে পারেননি। তবে এবার পেরেছেন। কথায় আছে, সময় সবকিছু ঠিক করে দেয়। অজয়ের স্ত্রী কাজলও স্বামীকে মাফ করে ঘরে ফিরে এসেছেন। কঙ্গনাও বিদেশবিভুঁইয়ে শল্যচিকিৎসক প্রেমিক নিকোলাসকে খুঁজে নিয়েছেন। তবে প্রেমের আগুন একবার জ্বললে সে আগুন কি আর অত সহজে নেভে! শোনা গেছে, কঙ্গনা নাকি এখনো অজয়কে ভীষণ মিস করেন। কঙ্গনার জীবনে নিকোলাস শুধু দুঃখ ভুলে থাকার সাইনবোর্ড! মনেপ্রাণে কঙ্গনা এখনো ভালোবাসেন অজয়কে। সম্প্রতি এক অনুষ্ঠানে অজয়ের সামনে পড়েন কঙ্গনা। সব ভুলে কঙ্গনা অজয়ের মনোযোগ কেড়ে নিতে ব্যস্ত ছিলেন পুরোটা সময়। এই ভালোবাসার গন্তব্য কোথায়, শুধু সৃষ্টিকর্তাই জানেন। রুম্মান রশীদ খানস্টারডাস্ট, মিড ডে, স্ক্রিন ডট কম অবলম্বনে