অজয়-সালমান যুদ্ধ
অজয় ও সালমান—দুজনের ছবিই কোটি কোটি টাকার ব্যবসা করছে। কে কাকে ছাড়িয়ে যান, তা নিয়েই দুজনের মধ্যে দ্বন্দ্ব। শোনা যাক, সেই দ্বন্দ্বের কাহিনিবন্ধু যখন শত্রু—বাংলা ছবির নাম। তবে এই নামটি এই মুহূর্তে উৎসর্গ করা যায় বলিউডের দুই নায়ককে। শাহরুখ খান-আমির খান নয়, হূতিক রোশন-রণবীর কাপুরও নয়। শত্রুতা চলছে সালমান খান আর অজয় দেবগনের মধ্যে। এই শত্রুতা অবশ্য কাজল কিংবা ক্যাটরিনা কাইফ বা কঙ্গনা রনৌতকে নিয়ে দড়ি টানা-হ্যাঁচড়া নয়; শত্রুতা বেঁধেছে দুজনের পেশাগত জীবন নিয়ে। দেবগন এবং খান দুজনই এখন সিংহাসনের চূড়ায়। তবে শ্রেষ্ঠত্বের মুকুটটি কে পরবেন, তা বোঝা যাবে আরও দু-তিন মাস পর।খুলেই বলা যাক। আমির-সালমান-শাহরুখ—তিন খান বলিউড রাজ্যে কথিত ‘নাম্বার ওয়ান’ নায়কের খেতাব পেলেও আমিরের ঝুলিতে ১০০ কোটি রুপির বেশি আয় করা ছবি মাত্র দুটি (গজনী, থ্রি ইডিয়টস)। শাহরুখের বেলায়ও তাই (রা ওয়ান, ডন-২)। সালমান-অজয় এ ক্ষেত্রে দুই খানকেই টেক্কা দিয়ে এগিয়ে গেছেন বহু দূর।দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইটা শুরু করেছিলেন সালমান খান। ২০১০ সালে সালমান অভিনীত দাবাং মাত করে দেয় বক্স অফিস। তখন পর্যন্ত প্রথম দিনের কালেকশনের বিবেচনায় বলিউডের সর্বকালের সব রেকর্ড ভেঙে দেয় দাবাং। অজয়কে পাল্টা উত্তর দিতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এক মাস পরই দিওয়ালিতে অজয় অভিনীত গোলমাল-৩ মুক্তি পায়। ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত গোলমাল-৩ নিমেষেই ১০৪ কোটি রুপি আয় করে অজয়কে ১০০ কোটির ক্লাবে সদস্য করে নেয়। তখন পর্যন্ত অজয়কে ‘ডার্ক হর্স’ই বিবেচনা করেছিল সবাই। কারণ, খানরা ছক্কা পেটালে সেটা স্বাভাবিক ঘটনা, কিন্তু খান কিংবা রোশন ছাড়া অন্য কেউ ইতিহাস গড়লে সেটাই হয়ে যায় অস্বাভাবিক! গত বছর অজয়ের সাফল্যে দাগ বসিয়ে দেন সালমান খান। মুক্তি পায় রেডি। ধুন্দুমার ব্যবসা করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান সালমান। সালমানকে স্পর্শ করার জন্য অজয়কে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। মুক্তি পায় সিংঘাম। অনেকের মতে, সিংঘাম হলো অজয়ের দাবাং। সালমানের মতো পুলিশের চরিত্রে অভিনয় করে অজয় বুঝিয়ে দেন, তাঁকে আর ‘ডার্ক হর্স’ বলা যাবে না। বেজে ওঠে যুদ্ধের দামামা। অজয় সরাসরি জানিয়ে দেন, যুদ্ধে তিনি আছেন। তখন পর্যন্ত আমির, অজয়, সালমান দুটি করে ১০০ কোটি রুপির ছবির মালিক ছিলেন। প্রতিযোগিতায় জিততে হবে। সালমানের ছবি বডিগার্ড মুক্তি পায়। হাল ছেড়ে দেন অজয়। কারণ সালমানের বডিগার্ড শুধু অজয়ের ছবিকেই নয়, সালমানের অতীতের সব ছবির রেকর্ডও ভেঙে চুরমার করে দেয়। বডিগার্ড-এর সামনে কাঁটা ছিল শুধু একটাই, আমিরের থ্রি ইডিয়টস। যদিও ওই কাঁটা এখন পর্যন্ত কেউ উপড়ে ফেলতে পারেনি, তবে সালমান ৩-অজয় ২ লড়াইটি তখন সালমানভক্তদের খুশির জোগান দিয়েছিল বেশ। সবাইকে ছাড়িয়ে সালমান একাধিপত্য কায়েম করেন তিনটি ১০০ কোটির ছবি ঝুলিতে ভরে। এর পরের ঘটনা সত্যিই বিস্ময়কর। কস্মিনকালেও কেউ ভাবতে পারেনি, সালমানের সেই রেকর্ডটিতে ভাগ বসাতে অন্য কোনো খান নন, অজয় দেবগনই হাজির হবেন।গত মাসের কথা। অজয় অভিনীত বোল বচ্চন প্রথম দিনেই অজয়ের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র ২০ দিনে এই ছবির ঘরে গেছে ১০৬ কোটি রুপি! সুতরাং, আমির কিংবা শাহরুখ নয়, সালমানের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন অজয় দেবগন। তবে ডার্ক হর্স অজয় চুপিসারে যে এভাবে সালমানের সাজানো বাগানে হানা দেবেন, তা মেনে নিতে পারেনি সালমানভক্তরা। তাদের দাবি—সালমান সালমানই। তাঁর ক্যারিশমাতেই ছবি চলে। দাবাং, বডিগার্ড কিংবা রেডি থেকে সালমানকে সরিয়ে নিন, ছবিগুলো নিশ্চিত ফ্লপের কাতারে নাম লেখাবে। অজয়ভক্তরা এসব যুক্তিতে মুখ টিপে হাসে। কারণ ওই যুক্তির দ্বারা সালমানভক্তরা তাদের প্রিয় তারকার অবস্থানকে আরও নামিয়ে দিয়েছে। প্রমাণ করেছে, ১০০ কোটি রুপির বেশি আয় করা সালমানের ছবিগুলো আসলে আমজনতার বিনোদনের জন্য। এই অভিযোগও অবশ্য সালমানভক্তরা মেনে নেবে না সহজে। অজয়ের ১০০ কোটির বেশি আয় করা তিনটি ছবি গোলমাল-৩, সিংঘাম, বোল বচ্চনও বুদ্ধিদীপ্ত দর্শকের জন্য নয়। বডিগার্ড, রেডি, সিংঘাম—তিনটিই দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ। বোল বচ্চন আবার পুরোনো হিন্দি ছবি গোলমাল-এর ছায়া অবলম্বনে নির্মিত। এই সব ছবির জন্য সালমান-অজয় কেউই পুরস্কারের জন্য বিবেচিত হননি। হবেনও না। সালমানভক্তরা অবশ্য রেকর্ড বই ঘেঁটে জানান, দাবাং-এর জন্য জনপ্রিয় বিভাগে বেশ কটি পুরস্কার পেয়েছিলেন সালমান। তা ছাড়া তাঁর পরবর্তী দুই ছবির জন্য তিনি জিতে নেবেন পুরস্কার নিশ্চিত! এক থা টাইগার ও দাবাং-২ এ বছরই মুক্তি পাবে। বলিউড বিশ্লেষকদের বিশ্বাস, এক থা টাইগার শুধু ১০০ কোটিই নয়, ২০০ কোটি রুপিকেও ছাড়িয়ে যাবে। যদি তাই হয়, সালমানভক্তদের দাবি, অজয় চলে যাবেন যোজন যোজন দূরে। তা ছাড়া, সালমানভক্তরা বলতেই পারে, সালমান একেবারে নতুন পরিচালক অভিনব কশ্যাপ, সিদ্দিকের সঙ্গে ১০০ কোটি রুপির ছবি উপহার দিয়েছেন। তুলনায় অজয়ের ১০০ কোটি রুপির বেশি আয় করা তিনটি ছবির পরিচালকই রোহিত শেঠি। তবে অজয়ভক্তরাও এত সহজে হার মানতে রাজি নয়। অজয়ের তুরুপের তাস সন অব সর্দার মুক্তি পাবে এই দিওয়ালিতেই। হাতে আছে গোলমাল-৪। খেলা আসলেই জমে উঠেছে! রুম্মান রশীদ খান[রেডিফ, আইএমডিবি, হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা, জি নিউজ, জুম, মিড ডে, টাইমস অব ইন্ডিয়া ডট কম অবলম্বনে]