অজয়-সোনাক্ষী আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয়-সোনাক্ষ
অজয়-সোনাক্ষ

অস্কারের ঠিক উল্টো পুরস্কার হিসেবে পরিচিত গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজি পুরস্কারের অনুকরণে নিকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে বলিউডে দেওয়া হয় গোল্ডেন কেলা পুরস্কার। গতবারের মতো এবারও বলিউডের সবচেয়ে বাজে তারকা নির্বাচিত হয়েছেন অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা। আর নিকৃষ্ট ছবির তকমা পেয়েছে সাজিদ খান পরিচালিত ‘হিম্মতওয়ালা’।

ভারতের হ্যাবিট্যাট সেন্টারে গোল্ডেন কেলা পুরস্কার অনুষ্ঠানের ষষ্ঠ আসর বসেছিল ২৯ মার্চ শনিবার। গত বছর মুক্তি পাওয়া ‘হিম্মতওয়ালা’ ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেতার তকমা পেয়েছেন ৪৪ বছর বয়সী অজয়। অন্যদিকে, ‘আর...রাজকুমার’ ছবির জন্য সবচেয়ে বাজে অভিনেত্রী নির্বাচন করা হয়েছে ২৬ বছর বয়সী সোনাক্ষীকে। গোল্ডেন কেলার পঞ্চম আসরেও সবচেয়ে বাজে তারকা নির্বাচিত হয়েছিলেন অজয়-সোনাক্ষী। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
সবচেয়ে বাজে চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জমা পড়েছে সঞ্জয় লীলা বানশালীর ঝুলিতে। ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবি তৈরি করে এ স্বীকৃতি (!) মিলেছে তাঁর। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির জন্য সবচেয়ে বাজে পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন আদিত্য রয় কাপুর। অন্যদিকে, নিকৃষ্ট অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও আমিশা প্যাটেল। তাঁরা তিনজনই এ পুরস্কার পেয়েছেন ‘রেস ২’ ছবিতে অভিনয়ের কল্যাণে।

সবচেয়ে বিরক্তিকর গান নির্বাচিত হয়েছে ‘বস’ ছবির ‘পার্টি অল নাইট’। আর জঘন্য গানের কথা লিখে পুরস্কৃত হয়েছেন সমীর। ‘কৃশ ৩’ ছবির ‘রঘুপতি রাঘব’ গানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। নিকৃষ্ট ছবির পাশাপাশি অর্থহীন রিমেক বা সিক্যুয়েল বিভাগেও পুরস্কৃত হয়েছে ‘হিম্মতওয়ালা’।

‘রাজধানী এক্সপ্রেস’ ছবির মাধ্যমে গত বছর বলিউড অভিষেক হয়েছে টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের। ছবিটির জন্য সবচেয়ে বাজে নবাগত অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে বাজে উচ্চারণে কথা বলার জন্য পুরস্কৃত হয়েছেন দীপিকা। নিকৃষ্ট গল্প-ভাবনার কারণে পুরস্কৃত হয়েছে ‘ধুম ৩’ এবং ‘কৃশ ৩’। আর বছরের সবচেয়ে পশ্চাত্মুখী ছবি নির্বাচিত হয়েছে ধানুশ ও সোনম কাপুর অভিনীত ‘রনঝাঁ’।

এ ছাড়া অদ্ভুত কিছু বিভাগেও গোল্ডেন কেলা পুরস্কার দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে ‘হোয়াই আর ইউ স্টিল ট্রায়িং অ্যাওয়ার্ড’ পেয়েছেন শাহিদ কাপুর। ‘দিস ইজ টু মাচ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিবেক ওবেরয়। ‘এক্সোটিক’ গানের মিউজিক ভিডিওর জন্য ‘আখির কিউ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। ‘বাস কিজিয়ে বহুত হো গ্যায়া’ বিভাগে পুরস্কৃত হয়েছেন সানি দেওল। ‘আপ ইহা আয়ে কিসলিয়ে অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে উদয় চোপড়াকে। আর ‘ধুম ৩’ ছবির জন্য ‘বাওরা হো গ্যায়া হ্যায় কি অ্যাওয়ার্ড’ পেয়েছেন আমির খান।