অঞ্জন দত্তের চোখে মনবাকসোর স্বপ্নাঞ্জন

‘গান নিয়ে বাংলাদেশের সঙ্গে আমার অনেক লেনদেন হয়েছে। কিন্তু সিনেমার জগতের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। মনবাকসো ছবিটি অন্য দরজাটি খুলে দিল।’ কথাগুলো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের। মনবাকসো ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ সোমবার সকালে রাজধানীর বাংলা মটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অঞ্জন দত্ত। তিনি এ-ও বলেন, ‘গান আমাকে টাকা দিয়েছে। তবে বরাবরই আমার কাছে সিনেমা অনেক বড় একটা জগৎ।’
এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন ভারতের সংগীতশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা অঞ্জন দত্ত। পাশাপাশি ছবির প্রধান চরিত্রেও অভিনয় করবেন তিনি। মনবাকসো ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন তুষার আবদুল্লাহ।
মনবাকসো পরিচালনা প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘সিনেমা আমার কাছে কমার্শিয়াল আর্ট। মনবাকসোর স্ক্রিপ্টটা যখন পড়ি তখন মনে হয়েছে, আমি ও আমরা যারা কলকাতায় যে ধরনের সিনেমা বানাচ্ছি, মনবাকসো সেসবেরই মতো। একদিক থেকে কাব্যিক, অন্যদিক থেকে অনেক বেশি আধুনিক। ছবিটির গল্পে অন্য রকম একটা গভীরতা আছে। আমি আমার মতো কাজও করতে পারব বলে মনে হয়েছে।’
মনবাকসো ছবিটি নিয়ে দারুণ আশাবাদী অঞ্জন দত্ত। বললেন, ‘আমার মনে হয়, আমি জীবনে এখনো পর্যন্ত বড় কোনো ভুল করিনি। আর বিদেশে এসে তো সেই ভুল করব না। আমরা এমন একটা সিনেমা বানাব যা পুরস্কার পাবে আবার ব্যবসাও করবে। আশা করছি ভালো কিছু একটা হবে।’
এদিকে পরিচালক হিসেবে অঞ্জন দত্তকে নেওয়া প্রসঙ্গে তুষার আবদুল্লাহ বলেন, ‘ছবিটির গল্প লেখার সময় আমার কাছে প্রথমে যে নামটি এসেছিল, তিনি অঞ্জন দত্ত। আমরা যেভাবে গল্পটা বলার চেষ্টা করেছি, সেটা তিনি চমৎকারভাবে তুলে আনতে পারবেন বলে আমার মনে হয়েছে। তারপর অঞ্জন দত্তের সঙ্গে যোগাযোগ করি। তিনিও বেশ আগ্রহবোধ করেন। আমরা আসলে তাঁর কাছ থেকে শিখতে চাই।’
মধ্যম লিমিটেডের ব্যানারে নির্মিত মনবাকসো ছবির প্রধান চরিত্র নির্জন চৌধুরী চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত। আর মৈত্রী চরিত্রে মিম। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন নিরব, নিলয়, কল্যাণ, বাপ্পা।
মনবাকসো ছবিতে গান রয়েছে ছয়টি। গানগুলোতে কণ্ঠ দেবেন বাংলাদেশ থেকে কনা এলিটা, ব্যান্ড চিরকুট আর ভারত থেকে অনুপম, রূপঙ্কর, সোমলতা, ও রূপম ইসলাম। আর একটি রবীন্দ্রসংগীত ও তিনটি কবিতায় কণ্ঠ দেবেন অঞ্জন দত্ত। গানগুলোর সংগীত পরিচালক হিসেবে থাকছেন নীল দত্ত। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মনবাকসো ছবির শুটিং শুরু হবে বলে জানান তিনি। আর মার্চে ছবিটি মুক্তি দেওয়ার কথাও ভাবছেন তাঁরা। মনবাকসো ছবির প্রাক-প্রস্তুতি শেষে কাল বিকেলের ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন অঞ্জন দত্ত। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি আবার ঢাকায় আসবেন বলেও জানান।