অঞ্জনের মনবাকসো থমকে গেল

বেশ ঢাকঢোল পিটিয়েই ‘মনবাকসো’ ছবির কাজ শুরুর ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান মধ্যম লিমিটেড। আর ‘মনবাকসো’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি ছবি পরিচালনার কথা ছিল কলকাতার প্রখ্যাত গায়ক ও নির্মাতা অঞ্জন দত্তের। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়েরও কথা ছিল তাঁর। এ ছবির কাজের ব্যাপারে গত বছরের মাঝামাঝি সময়ে কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন অঞ্জন দত্ত। মুখোমুখি হয়েছিলেন একাধিক সংবাদমাধ্যমের। সে সময় তিনি জানিয়েছিলেন, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ‘মনবাকসো’ ছবির টানা শুটিং শুরু হবে। ২০১৫ সালের মার্চ মাসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছের কথাও তখন জানিয়েছিলেন তিনি। ঘোষণা অনুযায়ী ছবি মুক্তির সময় ঘনিয়ে এলেও, এখনো ছবির শুটিংই শুরু করতে পারেননি অঞ্জন দত্ত। ছবির কাজ আপাতত স্থগিত বলেই জানিয়েছেন তিনি।
‘মনবাকসো’ ছবির সর্বশেষ অবস্থা জানতে আজ মঙ্গলবার দুপুরে কথা হয় অঞ্জন দত্তের সঙ্গে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘“মনবাকসো” ছবিটি পরিচালনা এবং এতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথা হয়। কিন্তু কাজ শুরুর জন্য তো ভিসা-সংক্রান্ত কিছু ব্যাপার রয়েছে। কাজের অনুমতির ব্যাপারও আছে। ভেবেছিলাম নভেম্বর মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। আর তাই নভেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা পারিনি। ছবিটিতে অভিনয়শিল্পীও অনেক। সবার শিডিউল একসঙ্গে পাওয়াটাও মুশকিল। সবদিক বিবেচনায় নিয়ে মনে হচ্ছে, “মনবাকসো” ছবির কাজ আপাতত স্থগিত। এর বেশি কিছু বলা সম্ভব না।’
‘মনবাকসো’ ছবিতে নির্জন চৌধুরীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল অঞ্জন দত্তের। আর মৈত্রী চরিত্রে অভিনয়ের কথা ছিল মিমের। প্রথম আলোকে মিম বলেন, ‘“মনবাকসো” ছবির শুটিংয়ের জন্য আমি মাস খানেক শিডিউল ফাঁকা রেখেছিলাম। এই ছবিটি নিয়ে আশাবাদও ছিল অন্য রকম। কিন্তু তা তো আর হবে বলে মনে হচ্ছে না। এখনো ছবিটির শুটিংই শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। আমি আসলে বুঝতে পারছি না, কী হবে। এদিকে আমি এখন নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি।’
‘মনবাকসো’ পরিচালনা প্রসঙ্গে গত বছরের সেপ্টেম্বরে অঞ্জন দত্ত বলেছিলেন, ‘সিনেমা আমার কাছে কমার্শিয়াল আর্ট। “মনবাকসো”র স্ক্রিপ্টটা যখন পড়ি তখন মনে হয়েছে, আমি ও আমরা যারা কলকাতায় যে ধরনের সিনেমা বানাচ্ছি, “মনবাকসো” সেসবেরই মতো। একদিক থেকে কাব্যিক, অন্যদিক থেকে অনেক বেশি আধুনিক। ছবির গল্পে অন্য রকম এক গভীরতা আছে। আমি আমার মতো কাজও করতে পারব বলে মনে হয়েছে।’
‘মনবাকসো’ ছবিটি নিয়ে সে সময় দারুণ আশাবাদও প্রকাশ করেছিলেন অঞ্জন দত্ত। বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি জীবনে এখনো পর্যন্ত বড় কোনো ভুল করিনি। আর বিদেশে এসে তো সেই ভুল করব না। আমরা এমন একটা সিনেমা বানাব, যা পুরস্কার পাবে আবার ব্যবসাও করবে।’