অনুষ্ঠানটি নিতান্তই ঘরোয়া। কিন্তু এতে ছিল অটিস্টিক শিশুদের প্রতি নিখাদ ভালোবাসা আর সহানুভূতি। শিশুরাও তাদের মনের মতো করে গান গেয়েছে, নিজেদের আঁকা ছবি উপস্থাপন করেছে। রাজধানীর শ্যামলী এলাকার সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন কার্যালয়ে রীতিমতো উৎসবে মেতেছিল অটিস্টিক শিশুরা । গতকাল সেখানে ছিল প্রতিষ্ঠানটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে অটিস্টিক শিশুদের উপস্থিতিতে সোয়াক কার্যালয় মুখরিত হয়েছিল। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছিলেন সাংসদ তোফায়েল আহমেদ, সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী, আজমালুল হোসেন, সালাহউদ্দীন জাকী, আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। সোয়াকের অটিস্টিক শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শুরুতে শিশুদের নিয়ে অতিথিরা বিশাল আকৃতির একটি কেক কেটে আনুষ্ঠানের সূচনা শুরু করেন। তারা পরস্পরের মুখে কেক তুলে দেন । এরপর শিশুরা গান গেয়ে শোনান অতিথিদের। বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীও শিশুদের সঙ্গে সংগীত পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের তৈরি চিত্রকর্ম ও হস্তশিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।কবিতা উৎসবে রবীন্দ্রনাথকবি ও কাব্যানুরাগীরা আনন্দঘন পরিবেশে জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনটি কাটিয়েছেন। দিনের কার্যক্রম শুরু হয় ‘কবিতার প্রথম পাঠ ও রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে। মূল প্রবন্ধে মহাদেব সাহা বলেন, ‘বালক বয়সে রবীন্দ্রনাথ কীভাবে আমাকে অধিকার করেছিলেন, সেসব রহস্য যেমন আমার কাছে অজ্ঞাত, তেমনি তার অন্তর্নিহিত সত্য উদ্ঘাটনও বোধ হয় আমার সাধ্যের বাইরে। আমি শুধু বলতে পারি, তখন আচ্ছন্ন হয়ে আছি তাঁর সৌরভে সৌন্দর্যে। মায়ের কোলে ঘুমের দুলুনির মধ্যে যখন আমি রূপ-রস-গন্ধের পার্থক্য ঠিক অনুভব করতে পারি না; কী গান, কী শব্দ তা বুঝে উঠতে পারি না; তখনই সেই শৈশবে আমি আমার মাকে গুনগুন করে গাইতে শুনেছি ‘ওই মালতীলতা দোলে’ কিংবা ‘জীবনে আমার যত আনন্দ’। সেই সুর, সেই শব্দঝংকার, সেই সংগীত-আবহই কি আমাকে নিয়ে গেছে এই স্বপ্নজগতে, কল্পলোকে, রবীন্দ্রনাথে? বলা কঠিন।’ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বেগম আখতার কামাল, নাসির আহমেদ ও আমিনুর রহমান সুলতান।বেলা সাড়ে ১১টায় কবীর চৌধুরীর সভাপতিত্বে শুরু দ্বিতীয় সেমিনার। এর মূল প্রবন্ধ ‘রবীন্দ্রনাথের উৎসব ভাবনা’য় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন উৎসবপ্রিয়। তাঁর জীবদ্দশায় শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে ঋতু-উৎসব থেকে শুরু করে বৃক্ষরোপণ ও হলকর্ষণ উৎসব হয়েছে। তিনি প্রত্যেক ঋতুতেই তার উপযোগী নাটক ও গান রচনা করেন। বসন্ত আসে রাজা ও ফাল্গুনীতে, বর্ষা অচলায়তনে, ছয় ঋতুর সমাবেশ হয় নটরাজ-ঋতুরঙ্গশালায়। কাউকে স্মরণ করতে হলেও সভা-সমিতির চেয়ে মেলা করতেই বেশি পছন্দ করতেন রবীন্দ্রনাথ। উৎসব ও মেলার মূল বিষয়টি একই—সকলের মিলন। একলা একলা উৎসব হয় না। উৎসব মানেই মিলন, আর এই মিলনের মধ্যে কবি দেখেন সম্পূর্ণ সত্যের প্রকাশ।’ আলোচনায় অংশ নেন শামসুজ্জামান খান ও ফয়জুল লতিফ চৌধুরী।ভাইবোন ফোঁটা ও রাখিবন্ধনগতকাল বিকেলে সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা প্রাঙ্গণজুড়ে ভিড় করেছিলেন নানা বয়সের নারীপুরুষ। উপলক্ষ ভাইবোন ফোঁটা ও রাখিবন্ধন উৎসব-১৪১৭। উৎসবের আয়োজন করে ভাইবোন ফোঁটা ও রাখিবন্ধন উৎসব উদ্যাপন পর্ষদ। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন খোন্দকার ইব্রাহিম খালেদ। আরও উপস্থিত ছিলেন লায়লা হাসান, বুলবুল মহলানবীশ, বাবুল বিশ্বাস ও পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাঙ্গণজুড়ে সবাই পরস্পরের হাতে রাখি পরিয়ে দেন, ফোঁটা দেন কপালে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।ঢাকা আর্ট সেন্টারে পারফরম্যান্স আর্ট ভাষা ভিন্ন হলেও উপস্থাপনায় যদি নান্দনিকতা থাকে, তবে তা উপভোগ্য হয় সবার কাছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা আর্ট সেন্টারে এটি প্রমাণিত হলো আবার। বিকেলে আর্ট সেন্টারের সেমিনার কক্ষে ছিল ‘জাপান-ইন্ডিয়া-বাংলাদেশ পারফরম্যান্স আর্ট এক্সচেঞ্জ প্রজেক্ট-২০১১’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এতে তিন দেশের শিল্পীরা উপস্থাপন করেন তাঁদের নিজস্ব সাংস্কৃতিক কার্যক্রম। মিলনায়তন ভর্তি দর্শক তা উপভোগ করেন। বিকেলের এই অনুষ্ঠানে ছিল জাপানি শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, মূকাভিনয়- সংবলিত বিশেষ পরিবেশনা। শিল্পীরা শিল্পের এসব মাধ্যম থেকে বিভিন্ন আঙ্গিকের সমন্বয় করে একটি স্বতন্ত্র সুকুমারকলা উপস্থাপনে সচেষ্ট ছিলেন। এর মধ্যে দিয়ে উঠে এসেছে মানুষ, মানবতা, দৈনন্দিন জীবনযাত্রার দ্বন্দ্ব সংঘত, বিশ্বায়ন, প্রকৃতিসহ সমকালীন বিশ্বের বিভিন্ন বিষয়। ‘সৃজনে ও শেকড়ে - ৮’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৮’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে এ প্রদর্শনীকে সামনে রেখে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী মোহাম্মদ মোহসীন, ইফাত আরা দেওয়ান, ফারেহা জেবা, মোহাম্মদ ফখরুল ইসলাম, লায়লা শারমিন, শাজাহান আহমেদ, আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল ও সুবীর চৌধুরী বক্তব্য দেন।এম নূরুল কাদের শিশু-সাহিত্য পুরস্কার মোহাম্মদ নুরুল কাদের স্মরণে প্রতিষ্ঠিত এম নুরুল কাদের ফাউন্ডেশন ২০০০ সাল থেকে প্রতিবছর চারটি সেরা শিশু-কিশোর গ্রন্থের জন্য চারজনকে পুরস্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল তিনটায় দেওয়া হবে এবছরের পুরস্কার। শিশু একাডেমী মিলনায়তনে শিশু-কিশোরের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে এতে।