অটিস্টিক শিশুদের আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো মিলনায়তনে গাঢ় অন্ধকার, একদল অটিস্টিক শিশু আলো হাতে মঞ্চে ওঠে। মঞ্চ আলোকিত হয় নীলাভ আলোয়। নেপথ্যে বাজতে থাকে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। গতকাল শুক্রবার সকালে জাতীয় নাট্যশালায় এভাবেই শুরু হয় অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের সপ্তম বর্ষপূর্তি ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ। এতে ফাউন্ডেশনের প্রায় দেড় শ অটিস্টিক শিশুশিক্ষার্থী অংশ নেয়।শিশুরা প্রায় আড়াই ঘণ্টা নৃত্যে, গানে মিলনায়তনপূর্ণ দর্শকদের মুগ্ধ করে রাখে। তারা ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’, ‘এই পদ্মা এই মেঘনা’ এসব গান গেয়ে শোনায়। এ ছাড়া ‘আমরা সবাই রাজা’, ‘চতুরদোলায় চড়ে দেখ ঐ বধূ যায়’ গানের চিত্রকল্প তৈরি করে।এসব পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল অটিজম-সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা। এতে অংশ নেন মুহম্মদ জাফর ইকবাল, রঞ্জিত কুমার বিশ্বাস, লায়লা হাসান, ইমদাদুল হক মিলন, সুবীর নন্দী, জুয়েল আইচ, অমিতাভ রেজা প্রমুখ।বক্তারা বলেন, কোনো অনুকম্পা নয়, অটিস্টিক শিশুদের সুন্দর জীবনের জন্য সবার উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাদের ছোট-বড় যেকোনো ধরনের পারদর্শিতার প্রশংসা করতে হবে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অটিস্টিক শিশুর উন্নতি সম্ভব। অটিস্টিক শিশুদের নিয়ে যত কাজ হচ্ছে, তার সবই ঢাকাকেন্দ্রিক। এর বিকেন্দ্রীকরণ প্রয়োজন। বক্তারা এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন।