অটিস্টিক শিশুদের কল্যাণে নকীব খানের সম্মানীর টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকীব খান
নকীব খান

গায়ক ও সংগীত পরিচালক নকীব খান। সংগীতাঙ্গনের বাইরে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে ভালোবাসেন তিনি। সম্প্রতি সোলস ব্যান্ডের কাছ থেকে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানের মেধাস্বত্বাধিকারী হিসেবে এক লাখ টাকার সম্মানী পেয়েছেন নকীব খান। পুরো টাকাই তিনি অটিস্টিক শিশুদের কল্যাণে ‘সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’ সংস্থায় দান করেছেন।
এ প্রসঙ্গে নকীব খান বলেন, ‘এই গানটি দিয়ে আমরা অনেক পরিচিতি পেয়েছি। গানটি থেকে অর্জিত এ অর্থ অটিস্টিক শিশুদের কল্যাণে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ, অটিস্টিক শিশুরা আমাদেরই সন্তান।’
নকীব খান আরও বলেন, ‘১৯৭৮ সালে “মন শুধু মন ছুঁয়েছে” গানটি লিখেছিলাম। এই গানের কিছু অংশের সুর করেছিলেন আমার বড় ভাই জিলু খান। ১৯৮১ সালে চট্টগ্রামের বৈশাখী প্রোডাকশনস থেকে প্রকাশিত হয় ‘‘সুপার সোলস’’। ওই অ্যালবামের ‘‘মন শুধু মন ছুঁয়েছে’’ গানটি এমন মাইলফলক স্পর্শ করবে ভাবিনি।’

বর্তমানে নকীব খান সোলসের গোল্ড অ্যালবামের জন্য কাজ শুরু করেছেন। পাশাপাশি নিজের গড়া ব্যান্ডদল রেনেসাঁ নিয়ে বিভিন্ন মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছেন তিনি।