
হলুদ সূর্যমুখীর পাশেই লাল-নীল মাছ। টুকটুকে লাল ফুলে বসেছে রঙিন প্রজাপতি। আরও আছে সারিবদ্ধ গোলাপ। ক্যানভাস ভরা হরেক রঙের ছবি। গতকাল রোববার সন্ধ্যায় অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির দৃক গ্যালরিতে শুরু হয়েছে প্রদর্শনী।
বিশ্ব অটিজম সচেতনতা মাস উপলক্ষে অটিস্টিক শিশুদের এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে পজিটিভ থিংকিং। এই ছবিগুলো এঁকেছে থিংকিং স্কুলের অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। তাদের ছবিতে প্রকৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। ছবি দেখে মুগ্ধ হয়েছেন অতিথিরা। কেউ বাবা, আবার কেউ মায়ের হাত ধরে ঘুরে দেখছেন ছবি। প্রদর্শনীতে মোট ৬৪টি ছবি রয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী এবং বিশিষ্ট শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা অবধি চলবে প্রদর্শনী।