অটিস্টিক শিশুদের হস্তশিল্প মেলা
এক পাশে শোভা পাচ্ছে নানা রঙের নকশা আঁকা ওড়না, শাড়ি, শাল ও টি-শার্ট। কোনো কোনোটিতে আছে নিসর্গ দৃশ ও লাল-সবুজ পতাকা, অন্যদিকে আছে পাট, মাটি, মোম, বাঁশ, বেত ও কাগজের তৈরি নানা সামগ্রী। এসবের মধ্যে কলমদানি, ফুলদানি ও ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও যেমন আছে, তেমনি আছে নানা রকম ঘর সাজানোর সামগ্রী ও শিশুদের খেলনা। এসব তৈরি করেছে অটিস্টিক শিশুরা। মোহাম্মদপুরের অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রাঙ্গণে চলছে এসব হস্তশিল্পসামগ্রীর মেলা। ফাউন্ডেশন তাদের বর্ষপূর্তি ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করে। গতকাল রোববার সকালে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান। মেলায় প্রায় দেড় শ অটিস্টিক শিশু অংশ নেয়। অটিস্টিক শিশুদের তৈরি অনেক সামগ্রী দর্শনার্থীকে মুগ্ধ করে। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত।