অডিও বাজার গ্রাস করছে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও পাইরেসি, মোবাইল ফোনে সস্তায় গান ডাউনলোড, মুঠোফোনের রিংটোনে গানের ব্যবহার আর এফএম রেডিওতে ২৪ ঘণ্টা গান প্রচারের কারণে এখন অডিও বাজার ধ্বংসের খাদে পড়ে গেছে। ক্রেতারা আর অডিও অ্যালবাম কেনার জন্য অডিও দোকানগুলোতে ভিড় করেন না।সংগীতা, লেজার ভিশন, জি-সিরিজ, গানচিল, ডেডলাইন মিউজিক ও ফাহিম মিউজিক থেকে গত ছয় মাসে প্রকাশিত অ্যালবামের সংখ্যা পঞ্চাশের বেশি নয়, যা বিগত বছরের তুলনায় আরও হতাশাজনক।তারকাশিল্পীদের মধ্যে এই ছয় মাসে অডিও বাজারে একক ও মিশ্র অ্যালবাম নিয়ে নিয়মিত ছিলেন ফোকশিল্পী মমতাজ। ছিল হায়দার হোসেনের অ্যালবাম। আর দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন অ্যালবাম দিয়ে আবার অডিও জগতে ফিরে আসেন তাহসান। ছিল এ প্রজন্মের শ্রোতাদের আকাঙ্ক্ষিত হূদয় খানের দ্বিতীয় একক ছোঁয়া। ক্লোজআপ তারকা কিশোর ও পুলক, সেরাকণ্ঠ ইমরান ও রোমেল, দুরবিন ব্যান্ডের শহীদ ও নবীন শিল্পীদের মধ্যে অয়নের অ্যালবাম বাজারে আসে। তবে বাজারে আসা এসব অ্যালবামের কোনোটিই সে অর্থে ব্যবসাসফল হয়নি।ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে কিছুটা চাঙা হয় অডিও বাজার। ক্রিকেটকে উপলক্ষ করে বেশ কিছু অ্যালবাম বাজারে আসে। কয়েকটি গান টিভি চ্যানেলগুলোতে ঢালাওভাবে প্রচার হলেও অ্যালবাম বিক্রির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারেনি।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গত ছয় মাসে বের হয় রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদি মহম্মদের রবীন্দ্রসংগীতের অ্যালবাম। তাঁদের সঙ্গে যুক্ত হন আধুনিক গানের দুই শিল্পী সৈয়দ আবদুল হাদী ও শাকিলা জাফর। বের হয় দুজনেরই প্রথমবারের মতো তাঁদের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম। এ ছাড়া আসে প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের কথা ও সুরে শিল্পী ফাহমিদা নবীর আকাশ ও সমুদ্র অপার অ্যালবামটিও।কথা হয় লেজার ভিশনের মাজহারুল ইসলাম, জি-সিরিজের নাজমুল হক ভূঁইয়া এবং ডেডলাইনের তানভীরের সঙ্গে। তাঁদের সবার অভিমত প্রায় একই রকম। অডিও প্রযোজকদের মতে, বাণিজ্যিক বিচারে গত ছয় মাসের অডিও বাজার ছিল ‘মন্দার বছর’। আর বাজার মন্দার কারণ হিসেবে সবাই অডিও পাইরেসি, মোবাইল ফোনে সস্তায় গান ডাউনলোড, রিংটোন, এফএম রেডিও এবং এমপিথ্রির প্রভাবকেই দায়ী করেছেন।তাঁরা জানান, এই মন্দার কারণে এখন তাঁরা বড় শিল্পীদের পেছনে অর্থলগ্নি করতে সাহস পাচ্ছেন না। প্রযোজকদের অভিমত, এখন কোন শিল্পীর চাহিদা আছে, কার গান চলবে—তা বলা দুষ্কর। দোকানে গিয়ে অ্যালবাম কেনার শ্রোতাও খুব কম। হতাশা নিয়ে তাঁরা বলেন, এটা শূন্যের কোঠায় পৌঁছালেও অবাক হওয়ার কিছুই থাকবে না।মন্দা এই অডিও বাজারে এ সময়ের আলোচিত শিল্পী হাবিব বেছে নেন ডিজিটাল পদ্ধতিকে। এ বছর মে মাসে তাঁর তৃতীয় অ্যালবাম আহ্বান মুক্তি দেওয়া হয় মুঠোফোনে। হাবিবের মতে, ‘মুঠোফোনের ভাবনাটা আমাদের দেশে একেবারেই নতুন। প্রযোজকদের যে পাইরেসির দোহাই, সেটা বন্ধ করার জন্যই এ উদ্যোগ।’ ভবিষ্যতে হয়তো এ পদ্ধতিই নিয়ম হয়ে দাঁড়াবে। বছরের বাকি ছয় মাস হয়তো সেদিকেই এগিয়ে যাবে অডিও বাজার। তবে দুঃখের বিষয়, এ পদ্ধতি শিল্পীর সচ্ছলতা হয়তো আনবে, কিন্তু যে প্রযোজক ওই শিল্পীর অডিও অ্যালবামের পেছনে লাখ লাখ টাকা লগ্নি করবেন, তাঁর সেই লগ্নি করা টাকা জলেই ফেলা হবে শুধু। লাভের কিছুই উঠে আসবে না।