অডিওতে রথীন্দ্রনাথ রায়ের তনয়া চন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অডিও জগতে নাম লেখালেন ভাওয়াইয়া গানের অন্যতম জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে চন্দ্রা রায়। বাংলাদেশে প্রথমবারের মতো হলেও যুক্তরাষ্ট্র প্রবাসী চন্দ্রা কিন্তু এর আগেও একটি অ্যালবাম বের করেছেন। প্রায় বছর তিনেক আগে ‘যখন থামবে কোলাহল’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র থেকে। অ্যালবামটি ছিল বাংলাদেশ ও ভারতের কিংবদন্তি শিল্পীদের গাওয়া গান নিয়ে। আধুনিক, ফোক ও দেশের গানের সেই অ্যালবামটি অবশ্য কেবল নিউইয়র্কেই পাওয়া যায়।চন্দ্রার নতুন অ্যালবামের নাম ‘বরষার হিমেল হাওয়া’। মৌলিক কিছু গান নিয়ে প্রকাশিত এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন বাসুদেব। গান রয়েছে নয়টি। তিনটি দ্বৈত কণ্ঠের এবং ছয়টি একক। দ্বৈত গানে চন্দ্রার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাসুদেব নিজেই। এ ব্যাপারে চন্দ্রা বলেন, ‘বাবার অনুপ্রেরণায় একেবারে ছোটবেলা থেকেই গান করছি। কিন্তু আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় বিদেশের মাটিতে। এবার বরষার হিমেল হাওয়া অ্যালবামটির মাধ্যমে নিজের একটা স্বপ্ন পূরণ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গানের কথাগুলো অসম্ভব সুন্দর। আমাদের বাংলা গান যে কতটা সমৃদ্ধ সেটা গানগুলো শুনলেই শ্রোতারা বুঝতে পারবেন।’উল্লেখ্য, খুব ছোটবেলায় চন্দ্রার গানের হাতেখড়ি হয় মা সন্ধ্যা রায়ের কাছে। এরপর স্বপ্না রায়, সুরজিত রায়, সাজ্জাদ হোসেন, খায়রুল আনাম শাকিলের কাছে গানের তালিম নেন। এরপর নিউইয়র্কের ছয় বছর গান শিখেছেন। ছায়ানটেও কিছুদিন গান শিখেছেন। এতে দ্বিতীয় বর্ষ শেষ করেছিলেন তিনি। বর্তমানে দেশেই অবস্থান করছেন চন্দ্রা। ৩০ আগস্ট নিউইয়র্কে ফিরে যাবেন তিনি। বরষার হিমেল হাওয়া অ্যালবামটি বাজারে আসছে লেজার ভিশনের ব্যানারে।