অডিওতে সাবিনার সঙ্গে ইমরান
আগামী পয়লা বৈশাখ বাজারে আসছে চ্যানেল আই সেরা কণ্ঠ ইমরানের সুর ও সংগীতে প্রথম একক অ্যালবাম। অ্যালবামটির নাম স্বপ্নলোক।এই অ্যালবামে প্রথমবারের মতো একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে ইমরানও কণ্ঠ দিয়েছেন। গানটির গীতিকার রবিউল ইসলাম। গানের কথা হচ্ছে, ‘তোমার শাড়ির সবুজ আঁচলে ঝলমলে লাল টিপ, আপন মহিমায় ছড়ায় আলো শান্তির প্রদীপ/সে প্রদীপের আলোয় মাগো দেখি তোমায় আমি বারবার, সুপ্রিয় বাংলাদেশ প্রতিদিনই তুমি আমার।’গতকাল বুধবার আর্ট অব নয়েজ স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি গানটির সুর শুনি। কিন্তু আমি তখনো জানতাম না, এটি ইমরানেরই করা সুর। অবাক হয়েছি ইমরানের অসাধারণ প্রতিভা দেখে। গতকাল গানটিতে কণ্ঠ দিলাম। ভালোই লাগল।’কণ্ঠশিল্পী ইমরান বলেন, ‘সাবিনা ইয়াসমিনের মতো এত বড় মাপের একজন গুণী শিল্পী আমার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন, এটা আমার জন্য বড় পাওয়া। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’২০০৮ সালে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ইমরান তাঁর সংগীতজীবনে প্রথম প্লেব্যাক করেছিলেন ‘ভালোবাসার লাল গোলাপ’ ছবিতে।