অডিওশিল্প ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিওশিল্পে ধস২০১০ সালকে অডিওশিল্পের ধসের বছর হিসেবে অভিহিত করেছেন অনেকেই। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত হাতেগোনা দু-একটি অ্যালবাম ছাড়া সুপারহিট কিংবা সুপারডুপার হিটের খাতায় নাম লেখাতে পারেনি আর কোনো অ্যালবাম। ২০০৯-এর তুলনায় এ বছর অ্যালবামও এসেছে কম। অডিও বাজারের এমন মন্দাবস্থার জন্য অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিবর্তন করেছে। এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে পাইরেসিকে। মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) ও সরকারের উদ্যোগে নন-ব্র্যান্ডেড সিডি আইন করে বন্ধ করা হলেও বছর শেষে পাইরেসি-আতঙ্ক মোটেও কাটেনি। হাইকোর্টের রায়ে নন-ব্র্যান্ডেড সিডি আমদানি বন্ধ হলেও রাজধানীসহ সারাদেশেই ছোট দোকানগুলোতে কম্পিউটার থেকে মেমোরি কার্ডে গান ভরে দেওয়া হয়। এতে করে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অডিও ব্যবসা। শৌখিন গায়কদের অ্যালবাম বেশিএ বছর অডিও প্রতিষ্ঠানগুলো নবীন শিল্পী এবং শৌখিন গায়কদের অ্যালবাম প্রকাশের দিকেই ঝুঁকেছে বেশি। কারণ নতুন শিল্পী ও শৌখিন গায়কদের পেছনে কোনো পুঁজি খাটাতে হয়না। তাই এ বছর অডিও প্রযোজকদের কাছে সিনিয়র শিল্পীরা অবহেলার শিকার হয়েছেন। অ্যালবাম পরিসংখ্যানএ বছর চার শতাধিক অ্যালবাম বাজারে এসেছে। তবে এসব অ্যালবামের কোনোটাই সেভাবে ব্যবসাসফল হয়নি বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ বছর বের হওয়া অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবিনা ইয়াসমীনের সুপ্রভাত বিষণ্নতা, বেবী নাজনীনের ইচ্ছে করে ভালোবাসি, বারী সিদ্দিকীর ভালোবাসার জ্বালা, রিংকুর ফকির লালন বলে, মাহাদী ও এলিটার অন্তহীন এবং অন্য রকম, অদিতি মহসিনের শারদ প্রাতে, বালামের বালাম থ্রি, আঁখি আলমগীরের চোখ দিয়ে ছোঁব তোমায়, অর্ণবের রোদ বলেছে হবে, সালমার বৃন্দাবন, সুজিত মোস্তফার আবার হলো দেখা, রাজীবের একলা মানুষ, পুতুলের মাটির পুতুল, রুপমের জনম জনম, হূদয় খানের হূদয় মিক্সড টু, ফজলুর রহমান বাবুর ডুবাডুবি, প্রতীক হাসানের প্রেম মাদল, চম্পা বণিকের স্বপ্নের আঙিনায়, শফিক তুহিনের স্বপ্ন এবং তুমি ও শফিক তুহিন ডটকম, আরফিন রুমির না বলা ভালোবাসা, পড়শীর পড়শী, তপুর সে কে, তৌসিফের অণুকাব্য, ক্লোজআপ তারকা পলাশের কেন বান্দো দালানঘর ইত্যাদি। ব্যান্ডের অ্যালবাম ২০১০ সালে খুব বেশিপ্রকাশিত হয়নি। উল্লেখযোগ্য হচ্ছে প্রমিথিউসের ছায়াপথ, দলছুটের আয় আমন্ত্রণ, ওয়ারফেইজের পথচলা, শিরোনামহীনের শিরোনামহীন রবীন্দ্রনাথ, শূন্য ব্যান্ডের শত আশা ইত্যাদি।চলচ্চিত্রের গানআধুনিক গানের অডিও অ্যালবামের কাটতি তেমন না হলেও চলচ্চিত্রের গানের অ্যালবামগুলোর চাহিদা ছিল ব্যাপক। ব্যবসাসফল হয়েছে বেশ কটি চলচ্চিত্রের গানের অ্যালবাম। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম, সংগীতা, গানচিল, লেজার ভিশন, ফাহিম মিউজিক, সিডি চয়েস, ঈগল থেকে এ বছর বের হওয়া অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রজাপতি, জাগো, নাম্বার ওয়ান শাকিব খান, প্রেমে পড়েছি, কাজের মানুষ, আমার প্রেম আমার সংসার, রিকশাওয়ালার ছেলে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, বলো না তুমি আমার, আই লাভ ইউ, এই তো ভালোবাসা, পরাণ যায় জ্বলিয়া রে, নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, চাচ্চু আমার চাচ্চু, কমন জেন্ডার।তারকাবিহীন দুই ঈদবেশ কয়েক বছর আগেও ঈদের আনন্দ অন্য সবকিছুর মতো ছড়িয়ে পড়ত অডিও শিল্পে। ঈদের আগে তাদের ব্যস্ত সময় কাটত তারকাশিল্পীদের নতুন অ্যালবাম প্রকাশ করে যথাসময়ে শ্রোতাদের হাতে তুলে দেওয়ার জন্য। তারকাশিল্পীদের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিত কিছু তরুণ প্রতিভাবান শিল্পীকে। তবে গত কয়েক বছরের অডিও ইন্ডাস্ট্রির চিত্রটা একেবারে ভিন্ন। সেটা এ বছর এসে আরও প্রকট আকার ধারণ করেছে। গত বছর তারকাশিল্পীদের অ্যালবাম দু-একটা প্রকাশিত হলেও এবার সেটা একেবারে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে।চলতি বছরের দুই ঈদে সবগুলো প্রতিষ্ঠানের প্রায় ২৮০টির মতো অ্যালবাম বেরিয়েছে। এর মধ্যে পুরোনো শিল্পীদের কয়েকটি সংকলিত গানের অ্যালবাম ছাড়া সবই ছিল নবীনদের অ্যালবাম। সংগঠনমুখীঅডিওশিল্পে ২০১০ সালকে অনেকটা সংগঠনের বছর বললেও ভুল হবে না। দীর্ঘদিনের পুরোনো সংগঠন বামবার সঙ্গে যোগ হয় এমআইবি, এলসিএস গিল্ড ও পরবর্তী সময়ে সংগীতাঙ্গনের স্বার্থ সংরক্ষণে এসেছে কপিরাইট সোসাইটিও। সেপ্টেম্বর মাসে এসে বামবা ও এলসিএস গিল্ড নিজেদের অধিকার আদায়ের জন্য এক হয়। বামবা ও এলসিএস গিল্ডের এক হওয়ার কিছুদিনের মাথায় অডিও ইন্ডাস্ট্রিতে আবির্ভাব ঘটে নতুন আরেকটি সংগঠনের। তরুণ শিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রশিল্পী নিয়ে গঠিত হয় আরওয়াইএমবি নামের আরেকটি সংগঠনের। মাইলসের ভাঙা-গড়া এবং আর্ক২০১০ সালের একেবারে শুরুতে অনিয়মের অভিযোগ টেনে দল থেকে নিজের সদস্যপদ সরিয়ে নেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ। দল থেকে বেরিয়ে তিনি রিদম অব লাইফ নামে একটি ব্যান্ড গড়েন। তবে বছরের শেষদিকে ৩ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বামবা আয়োজিত কনসার্টে একসঙ্গে পারফর্ম করার মধ্য দিয়ে শাফিন আবার মাইলসে ফেরেন। ২০০০ সালে ব্যান্ডদল আর্ক থেকে বেরিয়ে আসেন হাসান। ২০১০ সালের নভেম্বরের শেষদিকে সবাইকে চমক দিয়ে ব্যান্ডে ফেরার কথা নিশ্চিত করেন আর্কের অন্যতম দুই সদস্য হাসান ও আশিকুজ্জামান টুলু।আসিফের বিদায়২০১০ সালের আরেকটি আলোচিত ঘটনা ছিল সংগীতমঞ্চ থেকে আসিফের বিদায়। ২০০৮ সালের মাঝামাঝি সময় হঠাৎ করেই চলচ্চিত্রের প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গায়ক আসিফ। এরপর এ বছরের ১৬ মার্চ অডিও অ্যালবাম থেকেও বিদায় নেন তিনি। সে সময় আসিফ বলেছিলেন, এখন থেকে কোনো ধরনের অডিও অ্যালবামে তাঁর কোনো গান থাকবে না। তবে শুধু ভক্ত-শ্রোতাদের জন্য বাণিজ্যিকভাবে মঞ্চে গান করবেন। কিন্তু আগামী বছর থেকে তা-ও হচ্ছে না। ২০১০ সালের ১৬ ডিসেম্বর আসিফ মঞ্চ থেকেও বিদায় নেন। তরুণদের এগিয়ে যাওয়াসংগীতে ২০১০ সালকে অনেকটা তরুণদের এগিয়ে যাওয়ার বছর। সারা বছর স্টেজ শো, লাইভ শো এবং বিভিন্ন অনুষ্ঠানে গানের মধ্য দিয়ে যেসব তরুণ নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আরফিন রুমি। এ ছাড়া অন্য শিল্পীদের মধ্যে আছেন শফিক তুহিন, ন্যান্সি, পড়শী, পারভেজ, কাজী শুভ, চম্পা বণিক প্রমুখ।বিয়ে২০১০ সালে বিয়ে করেন বেশ কজন জনপ্রিয় সংগীতশিল্পী। এর মধ্যে ছিলেন বালাম, মাহাদী ও রিংকু। দীর্ঘ ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করে আলোচিত হন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। আর বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন মাকসুদ। শিল্পীদের পাশে শিল্পী২০১০ সালে বেশ কজন গুণী শিল্পীই ছিলেন অসুস্থ। আর তাঁদের পাশে এসে দাঁড়ান তাঁদেরই সহকর্মীরা। পপগুরুখ্যাত আজম খানের চিকিৎসার সহযোগিতায় গীতিকার, শিল্পীসমাজ, সুরকার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী মহলও এগিয়ে আসে। সবার আন্তরিক সহযোগিতা এবং শ্রোতাদের ভালোবাসায় সফল চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন আজম খান। ক্যানসারে আক্রান্ত শিল্পী বিপুল ভট্টাচার্য এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হওয়া মোহাম্মদ আলী সিদ্দিকীর পাশে দাঁড়ান গায়ক আসিফ। তিনি একাই দুই শিল্পীর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে দশ লক্ষ টাকা দেন। ইভ টিজিং ও সুন্দরবনকে নিয়ে...পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে ১ অক্টোবর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কনসার্ট ফর সুন্দরবন’ আয়োজন করে বামবা। ৩ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ‘নারীর প্রতি সহিংসতাকে “না” বলুন, প্রকৃত পুরুষ হয়ে উঠুন’ শিরোনামে আরেকটি কনসার্টের আয়োজন করে বামবা। সংগীত পরিবেশন করে নগর বাউল, এলআরবি, সোলস, মাইলস, ওয়ারফেইজ, প্রমিথিউস, অর্থহীন, ক্রিপটিক ফেইথ, আর্টসেল, মেটাল মেজ, পাওয়ার সার্জ ও লালন।হারিয়েছি যাঁকেএ বছর সংগীতজগতে আমরা হারিয়েছি স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফীকে। বার্ধক্যজনিত রোগে ভোগার পর ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।