অণিমার কণ্ঠে রবীন্দ্রনাথের নারীরা
‘রবীন্দ্রমননে নারী—এ ভাবনা নিয়ে অণিমা রায় তাঁর নতুন রবীন্দ্রগানের সংকলন আমি চিত্রাঙ্গদা বাংলাদেশ থেকে প্রকাশ করছেন। চিত্রাঙ্গদা চিরন্তন নারীর বন্ধন মুক্তির, মোহমুক্তির, সংস্কারমুক্তির নাম। অত্যন্ত অর্থবহ ও প্রাসঙ্গিক এ সংকলন। দরাজ খোলা গলায়, স্বকীয়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে রবীন্দ্রবোধে ঋদ্ধ হয়ে অণিমা গান গেয়েছেন।’ অণিমা রায়ের আমি চিত্রাঙ্গদা অ্যালবামের কভারে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন কলকাতার শিল্পী ইন্দ্রানী সেন।রোববার বিকেলে বসুন্ধরা সিটির মিউজিক ক্যাফেতে অণিমার এ অ্যালবামের মোড়ক খুললেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসেছে অ্যালবামটি। অণিমা বলেন, ‘রবীন্দ্রভাবনায় নারীদের বিচরণ বিচিত্র ও বহুল আঙ্গিকে এবং সব সময়ই সমসাময়িক। তাঁর রচনার প্রতিটি চরিত্রই এক একটি মানবদর্শন। বাঙালি নারীর মনন বিশ্লেষণই যেন উঠে এসেছে রবীন্দ্রনাথের প্রতিটি লেখায়, তাঁর নারীভাবনার প্রতিটি গীত রচনায়। তেমনি কিছু গান এখানে গাওয়া হয়েছে।’ আমি চিত্রাঙ্গদা অ্যালবামে রয়েছে শাপমোচন, চিত্রাঙ্গদা, মায়ার খেলা, চণ্ডালিকা ও শ্যামা গীতি নৃত্যনাট্যের গান। এর সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। এটি অণিমার দ্বিতীয় অ্যালবাম।