অতঃপর ঋতুপর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতুপর্ণ ঘোষকে স্মরণ
ঋতুপর্ণ ঘোষকে স্মরণ

কার্শিয়ং পাহাড়ের নির্জন একটি জায়গা। এখানে জীবনের অন্তিম মুহূর্তগুলো কাটাতে এসেছেন খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা অনিকেত মজুমদার। সিনেমার পর্দাজুড়ে আমরা দেখছি তাঁকে। আর ওই সিনেমার ফ্রেমের মধ্যে, পাহাড়ি পরিবেশে তিনি দেখছেন নিজের জীবনের শেষ সূর্যাস্ত। বাবার পাশে ক্যামেরা হাতে ছেলে অপ্রতিম মজুমদার। বাবা অনিকেত মজুমদার তাঁকে বললেন, ল্যাটিচিউড কী বোঝ? প্রশ্নের যথার্থ জবাব দিতে পারল না ছেলে। বাবার কণ্ঠ এবার বেশ ভারী, ‘রেঞ্জ, স্কোপ, টলারেন্স’—এই কথাগুলো বলতে বলতে উত্তরটা তিনি নিজেই দিলেন। ফিল্মের ভাষার সঙ্গে কেমন করে যেন জড়িয়ে ফেললেন নিজের জীবনের ইতিবৃত্ত—ব্যক্তিগত ও পারিবারিক জীবনের টানাপোড়েনের দ্বান্দ্বিক চিত্র। পাঠক, সেদিন আমরা সদ্যপ্রয়াত চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষের আবহমান চলচ্চিত্রটি দেখছিলাম। আপনাদের বলছি সেই কথা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ২৯ জুন সন্ধ্যা সাতটায় এই ছবির প্রদর্শনী হয়েছে। 
ঋতুপর্ণ ঘোষের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ২৮ ও ২৯ জুন আয়োজন করে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের নাম ‘অতঃপর ঋতুপর্ণ’।
২৮ জুন, বিকেল তিনটা। জাতীয় চিত্রশালার লবিতে ঋতুপর্ণের ছবিতে পুষ্পমাল্য এবং প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ঋতুপর্ণের তিনটি ছবি—দহন, দোসর ও চোখের বালি।
একই মিলনায়তনে পরদিন ২৯ জুন বিকেলে ছিল স্মরণসভা। এখানে ‘ঋতুপর্ণ কি একটি কাল্পনিক চরিত্র?’ শিরোনামে মূল প্রবন্ধ পড়েন কবি ও চলচ্চিত্রনির্মাতা টোকন ঠাকুর। আলোচনা করেন চলচ্চিত্রের মানুষ মসিহউদ্দিন শাকের, আনোয়ার হোসেন, শামীম আখতার, ফাহমিদুল হক, সাবরিনা সুলতানা ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্মরণসভায় ঋতুপর্ণের জীবন ও চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের পুরো আয়োজনে একে একে যেন সিনেমার মতো ভেসে ওঠে হরেক রকমের ঋতুপর্ণ।