অতঃপর চলচ্চিত্র নির্মাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাসটা যখন প্রথম পড়েছিলাম, ফজলের জন্য বুকের ভেতরটা কেমন করেছিল। স্যারকে ফোন করে অনুভূতিটা জানাই। ক্যাম্প অবলম্বনে নাটক নির্মাণের অনুমতি চাই। স্যার বললেন, তিনি চান ক্যাম্প নিয়ে কেউ চলচ্চিত্র তৈরি করুক। তখনই ভাবনাটা মাথায় ঢুকে গিয়েছিল।’ বললেন আফসানা মিমি। মিমি এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। কাজ শুরু হবে সিলেটে, অক্টোবর মাসের শেষের দিকে। এরপর কাজ হবে কক্সবাজার, টাঙ্গাইল ও ঢাকায়।কথা হচ্ছে আফসানা মিমির সঙ্গে, তাঁর নতুন ছবি নিয়ে। সোমবার সন্ধ্যায় বনানীতে, মিমির কৃষ্ণচূড়া প্রোডাকশনস লিমিটেডের কার্যালয়ে। শুরুতেই তিনি নিয়ে গেলেন পাশের একটি ঘরে। সে ঘরের আলো নেভানো। ১০ জন ছেলে বসে ছবি দেখছে। হিন্দি ছবি, কোশিশ। কয়েক মিনিট পর সে ঘর থেকে বেরিয়ে এসে মিমি জানালেন, এই ছেলেরাই তাঁর নতুন ছবির মূল অভিনয়শিল্পী। এখন তাদের নানা ধরনের প্রশিক্ষণ চলছে। বিভিন্ন ভাষার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র তাদের দেখানো হচ্ছে।মিমি বললেন, ‘শুরুতে ভেবেছিলাম উপন্যাসের নামেই হবে ছবির নাম, ক্যাম্প। কিন্তু পরে স্যার (মুহম্মদ জাফর ইকবাল) নামটা পরিবর্তনের পরামর্শ দিলেন। আমরা ছবির নতুন নাম দিয়েছি রান।’কেন? ‘ছবির কাহিনির বিন্যাস ও প্রাথমিক চিত্রনাট্য তৈরি হলো পাভেলের (আজাদ আবুল কালাম) হাতে। তারপর বন্ধু প্রবালকে (তানভীর হোসেন) সঙ্গে নিয়ে চলতে লাগল ঘষামাজা। স্যার চিত্রনাট্য দেখে বললেন, “যেহেতু ক্যাম্প অবলম্বনে নয়, ক্যাম্প থেকে অনুপ্রাণিত হয়ে কাজটি করা হচ্ছে, তাই ক্যাম্প বদলে অন্য নাম রাখলে ভালো হয়।” কারণ, স্যারের লেখা যারা হুবহু পর্দায় দেখতে চায়, গল্পের পরিবর্তন তারা পছন্দ করে না।’ বললেন তিনি।রান ছবিতে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার, রাহুল আনন্দ, সানজিদা প্রীতি প্রমুখ। দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করবেন ভারতের সব্যসাচী চক্রবর্তী ও প্রিয়াংশু চ্যাটার্জি।কথার ফাঁকে মিমি ফিরে গেলেন তাঁর ফেলে আসা দিনগুলোতে, সেই সিরাজগঞ্জ শহরে। বললেন, ‘ছোটবেলায় প্রচুর সিনেমা দেখেছি। ওটাই ছিল আমাদের একমাত্র বিনোদন। সপ্তাহ শেষে রোববার ছিল আমাদের সিনেমা দেখার দিন। কাছাকাছি দুটি প্রেক্ষাগৃহ—লক্ষ্মী আর মমতাজ। দেখতে যেতাম পরিবারের সবাই দলবেঁধে।’রান ছবির পরিচালক এই মিমির শুরুটা মঞ্চ দিয়ে। মঞ্চে তাঁর প্রথম নাটক ছিল ব্যতিক্রমের রাজদর্শন (১৯৮৬)। এরপর মডেলিং, টেলিভিশনে অভিনয়, চলচ্চিত্রে অভিনয়, নাটক পরিচালনা এবং নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন।মিমি বলেন, ‘ব্যতিক্রমের পর আমি যোগ দিই নাগরিক নাট্য সম্প্রদায়ে। তবে অতিথিশিল্পী হিসেবে দেশ নাটক ও প্রাচ্যনাটে কাজ করেছি। মাঝে আমরা বন্ধুরা একটা রেপাটরি করেছিলাম, নন্দন।’টিভিতে তিনি প্রথম অভিনয় করেন আবদুল্লাহ আল মামুনের জিরো পয়েন্ট (১৯৯০) নাটকে।নাটক পরিচালনা করছেন ২০০১ সাল থেকে। তাঁর পরিচালিত ধারাবাহিকগুলো হলো—বন্ধন, গৃহগল্প, সাড়ে তিনতলা, কাছের মানুষ, ডলস হাউস ও পৌষ ফাগুনের পালা। তাঁর পরিচালিত এক ঘণ্টার নাটক ও টেলিছবির প্রসঙ্গ উঠতেই বললেন, ‘মুহম্মদ জাফর ইকবালের গল্প থেকে করেছিলাম শান্তা পরিবার, ব্ল্যাক ব্যান্ডের সদস্যদের নিয়ে অফবিট, সুবর্ণা মুস্তাফা আর আফরোজা বানুকে নিয়ে সখী এবং এইচএসবিসির সঙ্গে একা অথবা কয়েকজন।’আর চলচ্চিত্রে অভিনয়? মিমি বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র দিল (১৯৯২)। এরপর তানভীর মোকাম্মেলের দুটি ছবিতে অভিনয় করেছি—নদীর নাম মধুমতি (১৯৯৪) ও চিত্রা নদীর পারে (১৯৯৯)। হুমায়ূন আহমেদের কাহিনি নিয়ে মোরশেদুল ইসলাম তৈরি করেন প্রিয়তমেষু (২০০৯)। অনেক আগে বাদল রহমানের একটি ছবিতে কাজ করেছিলাম, ছানা ও মুক্তিযুদ্ধ।’ আবার রান প্রসঙ্গ। মিমি জানালেন, তাঁর এই ছবির দুটি অংশ—একটি মুক্তিযুদ্ধ, অন্যটি বর্তমান সময়। বললেন, ‘বর্তমানের চোখ দিয়ে আমি অতীতকে দেখতে চাইছি।’