অতঃপর তাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশটন কুচার ও মিলা কুনিস
অ্যাশটন কুচার ও মিলা কুনিস

এ যেন সোফিয়া টোনের সেই ষাটের দশকের বাংলা ছবি। নায়ক-নায়িকার প্রেম সেই শৈশবেই। নায়ক তখনো বেলবটম ধরেনি, হাফ প্যান্ট পরে আর চপ্পল পায়ে চটাশ চটাশ শব্দ তুলে হাঁটে। নজর-কাটা কাজল টিপ নায়িকার কপালে। পরনে ফ্রক। কিন্তু এক আধলা বয়স হলে কী হবে, পুঁচকেপনার ছিটেফোঁটা নেই। পাকা পাকা সব ডায়লগ।
এরপর কোনো একটা ঘটনা কিংবা দুর্ঘটনা। নায়ক-নায়িকা বিচ্ছিন্ন হয়ে গেল। ফাস্ট ফরোয়ার্ডে কাহিনি এগিয়ে দশ-পনেরো, চাইকি আবার বছর কুড়ি পরে। সেদিনের পিঁচুটি চোখের ফ্রক পরা মেয়েটি দিব্যি প্রজাপতির মতো পাখনা মেলে, বেিণ নাচিয়ে ঘুরে বেড়াচ্ছে সখীসঙ্গে। কিন্তু মনে শান্তি নেই। ছেলেবেলার খেলার সাথিটার কথা যে ভুলতে পারছে না!
আবারও কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা। জটিলতা আর মেলোড্রামার নানান ঘাট পেরিয়ে নায়ক-নায়িকার পুনর্মিলন।
প্রশ্নটা করতেই পারেন—হলিউডের কেচ্ছাকাহিনি লিখতে গিয়ে ঢাকাই ছবির ফর্দ কেন? কারণ, মিলা কুনিস আর অ্যাশটন কুচারের প্রেমকাহিনি যে হার মানিয়েছে আমাদের ঘোলাটে রিলের সেই সব ক্লাসিক গল্পগুলোকেও!
দুই কু—কুনিস আর কুচারের প্রথম পরিচয় সেই ১৯৯৮ সালে। আজ থেকে ১৬ বছর আগে। কুচার তখন ১৯ বছরের সদ্য গজানো গোঁফ নিয়ে বিব্রত এক তরুণ। ১৪ বছর বয়সী কুনিস সত্যিই ফ্রক তখনো ছাড়েনি। সে সময় ভীষণ জনপ্রিয় ‘দ্যাটস সেভেনটিজ শো’ নামের কমেডি ধাঁচের টিভি ধারাবাহিকের মূল দুটো চরিত্রে অভিনয় করতেন দুজনে।
কুনিসের চরিত্রের নাম জ্যাকি, ধনবান বাবার খেয়ালি, চঞ্চলা হরিণীর মতো ছুটে চলা কন্যা। কুচারের চরিত্রটির নাম মিকায়েল কেলসো। ভাজা মাছ উল্টে খাওয়ার কৌশল জানা তো দূরের কথা, ভাজা মাছটিই চেনে না। সত্তরের দশকের প্রেক্ষাপটে স্কুল বালক-বালিকার কৈশোরের প্রেমের গল্প। কেলসোর সরলতার সুযোগ নিয়ে তাকে শুধু বোকা বানায় জ্যাকি। খোঁচায়। আর বোকার মতো আরও বেশি খোঁচানোর সুযোগ করে দেয় কেলসো। কী এক অদ্ভুত সরল মায়াময় প্রেমের গল্প!
দুজনের ছোট পর্দার মিথ্যামিথ্যি প্রেমটা দর্শকের মনে গেঁথে গিয়েছিল ভীষণ। ইশ! এই দুজন সত্যি সত্যি যদি প্রেম করত! কিন্তু গেরো অন্য খানে। কুনিস তখন প্রেম করছেন এক ছবি দিয়েই বাজিমাত করা হোম অ্যালন তারকা ম্যাকুলায় কালকিনের সঙ্গে। কুচারও দিব্যি প্রেম করছেন জানুয়ারি জোন্সের সঙ্গে।
১৯৯৮-এ শুরু হয়ে ‘দ্যাটস সেভেনটিজ শো’ চলেছে আট বছর। শেষ হয়েছে ২০০৬ সালে। এরই মধ্যে কুচারের জীবনে কত ওলট-পালট। জানুয়ারি-অধ্যায় পেরিয়ে কুচারের জীবনে ফেব্রুয়ারি-মার্চের মতো এল-গেল অ্যাশলি স্কট, ব্রিটানি মারফির মতো অভিনেত্রীরা। ২০০৫ সাল থেকে কুচার হলিউডের আলোচিত এক প্রেমের জন্ম দিলেন। বয়সে ১৬ বছরের বড় ডেমি মুরের সঙ্গে শুরু হলো প্রেম। এ যেন আরেক ‘রূপবান’। মুরকে বিয়েও করে ফেললেন। কুনিস-কালকিনের প্রেম অবশ্য তখনো চলছে। কালকিনের সঙ্গে প্রেম করলে িক হবে, এক সাক্ষাৎকারে কুনিস স্বীকারও করে ফেললেন, জীবনের প্রথম চুমুটা তাঁকে কুচারই খেয়েছে। অবশ্য সেটা সেই ধারাবাহিকের প্রয়োজনেই, সেটে। তা হলে কী হবে, প্রথম চুম্বনের স্মৃতি কোনো নারীই যে ভুলতে পারে না।
আট বছর প্রেম করার পর ২০১০ সালে ভেঙে গেল কুনিস-কালকিনের প্রেম। মুরের সঙ্গে কুচারের সম্পর্কটার ভিতও তখন বাস্তবতার ভূমিকম্পে কম্পমান। ২০১১ সালে মুর জানালেন, বিয়েটা টিকছে না। ২০১২ সালের এপ্রিলে আলাদা হয়ে গেলেন মুর ও কুচার।
মজার ব্যাপার হলো, কুনিসের মতো সুন্দরী কিন্তু প্রেমের ক্ষেত্রে টানা দু বছর ‘বেকার’ হয়ে রইলেন। চাইলেই আরেকজনের সঙ্গে তো সম্পর্কে জড়াতেই পারতেন। তবে কি তিনি কুচারের জন্যই অপেক্ষা করছিলেন? তবে কি কুনিসের হৃদয়-দরজায় কড়া নাড়ছিলেন বলেই মুরের সঙ্গে ভেঙে গেল কুচারের বিয়ে?
অনেকেই অনেক সমীকরণ মেলাতে চাইলেন। গুঞ্জনের ডালপালা মেলল। সেটিতে জল-বাতাস এবং সারের জোগান দিলেন কুচার-কুনিস দুজনই। একান্তে সময় কাটাতে দেখা গেল তাঁদের। যতই লুকোচুরি খেলুন, পাপারাজ্জিদের চোখে ধুলো দেয় সাধ্য কার। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে দুজনের চুমু খাওয়ার ছবিও ফাঁস হয়ে গেল। যদিও দুজনই কুলুপ এঁটে বসে রইলেন সম্পর্কটার ব্যাপারে। একটাই দাবি বারবার করা হলো, দুজনই অনেক দিন ধরেই দুজনের বন্ধু। আর বন্ধু তো বন্ধুই।
আসলে হৃদয়ের আর্দ্র ভূমিতে প্রেমের বীজ বোনা হয়ে গিয়েছিল সেই দেড় দশক আগেই। কিন্তু সেই বীজটা অঙ্কুরিত হচ্ছিল একেবারেই অজান্তে। ২০১২ সালে এসেই দুজনে অবাক হয়ে আবিষ্কার করলেন, সেই চারা গাছটা প্রেমময় এক বৃক্ষ হয়ে উঠেছে। বাংলা ছবির সূত্র মেনে তাই দুজনের পুনর্মিলন।
পরের গল্পটাও বাংলা ছবির মতোই। কুচার অনেকটা সনাতন রীতিতে আগে কুনিসের বাবার সম্মতি নিতে গেলেন। জানালেন, মিস্টার কুনিস রাজি থাকলে তিনি তাঁর কন্যার পাণি গ্রহণে ইচ্ছুক। বাবার আশীর্বাদেই দুজনের বাগদান হলো। বিয়েটাও হবে কিছুদিনের মধ্যে। তবে এরই মধ্যে ‘দ্যাটস সেভেনটিজ শো’-এর সেই ভক্তদের সুখবর দিয়েছে এই জুটি। মা হতে চলেছেন কুনিস।
রাজীব হাসান
সিএনএন অবলম্বনে