অতঃপর শুভবিবাহ
‘ভ্রমর কইও গিয়া...আজকে হবে ফারুকী আর ফুলপরি তিশার বিয়া’। নিমন্ত্রণপত্রের শিরোনামই জানান দিচ্ছিল, এই বিবাহ আয়োজনটি অন্য আট-দশটি বিয়ের চেয়ে কিঞ্চিৎ আলাদা হতে চলেছে। ১৬ জুলাই সন্ধ্যায় গুলশানের পাঁচতারকা হোটেলে সরেজমিন গিয়ে জানা গেল, অনুমান একরত্তি মিথ্যে নয়। শাহি হাবভাব নিয়ে দুয়ারে তৈয়ার আস্ত এক ধোপদুরস্ত ব্যান্ড পার্টি। বরের গাড়ির দেখা মিলতেই ঢোলে কাঠির বাড়ি পড়ল। বাদ্য-বাজনার মাঝে বর বেশে নামলেন মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে কনে তিশা। বরের পরনে ঝকমকে সবুজ পাঞ্জাবি। মাথায় পাগড়ি আর সাদা-সোনালির মিশেলে উদ্ভাসিত পূর্বঘোষিত ‘ফুলপরি’ তিশা। টিভি ক্যামেরা আর আলোকচিত্রীদের হুড়োহুড়ি। অভ্যাগতদের বর-কনে দেখার আকুলতা। বিরামহীন বাদ্য-বাজনা। এসবের মধ্যেই বর-কনে দোতলার বলরুমে এসে বসলেন একদম পাশাপাশি। ততক্ষণে দেশের বিনোদন জগতের অন্যতম আলোচিত এবং বহুল প্রতীক্ষিত এক বিয়ের মৌতাতে মুখর গোটা বলরুম।দাওয়াতপত্রেই ছিল খাওয়া-দাওয়ার সুবন্দোবস্তের নিশ্চয়তা। তাই খাসির কোরমা, মাছ ভাজা কিংবা মিষ্টান্ন আর আইসক্রিমটা কেমন উপাদেয় হয়েছিল, সে বিবরণে বরং না-ই বা গেলাম এ যাত্রা। ফাহমিদা নবী, হাবিব, ন্যান্সি ও শিরোনামহীনের তুহিনের মনোমুগ্ধকর পরিবেশনা মনে করিয়ে দিচ্ছিল, খাওয়ার সঙ্গে হজমের সুব্যবস্থার প্রতিশ্রুতিটাও স্রেফ কথার কথা ছিল না। দুপুর ১২টায় বনানীতে কনের বাবার বাড়িতে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল আগেই। তাই সেই বিষয়ক উত্তেজন নেই। সবকিছুকে ডিঙিয়ে বিবাহ আসরের প্রধানতম আকর্ষণ ছিল ‘মুক্তমঞ্চ।’ ‘অভূতপূর্ব ’এই মুক্তমঞ্চে আমন্ত্রিতদের বক্তব্যে বিষয় ছিল ‘বিয়ের সুফল এবং কুফল’। সেই বক্তব্য আবার মহা সমারোহে প্রচার হচ্ছিল গোটা বলরুম জুড়ে বড় পর্দায়। বিয়ে নিয়ে বিবিধ রকমের ঠাট্টা-রসিকতা চলছিল বিরামহীন। মাইক্রোফোন হাতে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীকে একহাত দেখে নেওয়ার অপূর্ব সুযোগ হাতছাড়া করছিলেন না অনেকেই। সংসার যাপন নামক কঠিন যুদ্ধ ফারুকী-তিশা কী করে পাড়ি দেবেন—এই ছিল বক্তাদের শঙ্কার বিষয়। বর-কনে অবশ্য সেসব রসিকতায় গা করছিলেন না মোটেও। মুখের হাসিটা মুখেই ধরে রেখে চলছিল দুজনের বারবার প্রেমময় দৃষ্টিবিনিময়। তাঁরা বোধহয় খুব ভালো করেই জানেন, ভালোবাসা ঘরে থাকলে সংসার-সমুদ্র পাড়ি দেওয়াটা একদম পান্তাভাত। ফেরার সময় শুনছিলাম, মাইক্রোফোন হাতে নিয়ে কেউ একজন বলছিলেন—আশা করছি, মোস্তফা সরয়ার ফারুকী টিভি-চলচ্চিত্র জগতে যেমন করে দিনবদলের হাওয়া বইয়ে দিয়েছেন, তাঁর বিয়েটাও ঠিক তা-ই হবে। নিছক রসিকতার ছলে বলা। কিন্তু কথাটা এই বিয়ের বেলায় মনে হয় খুব মিথ্যে নয়।