অতঃপর হাসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিন ছবি: আনন্দ
হাসিন ছবি: আনন্দ

হরতালের দিন। রাস্তায় যানবাহন কম। যথাসময়ে তাঁর নিকেতনের বাসায় টুংটাং শব্দে দোরঘণ্টি বাজতেই কিছুক্ষণ পর দরজা খুলে সামনে এসে দাঁড়ালেন হাসিন! মুখে একপশলা হাসি। হ্যাঁ, একেবারে তৈরি হয়েই ছিলেন।
শুরু হলো হাসিনের গল্প। পদ্মাপারের রক্ষণশীল পরিবারের খুবই সাধারণ মেয়ে তিনি। তাঁর বড় বোন ফাতেমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একদিন মা রাজশাহী থেকে হাসিনকে বড় বোনের কাছে পাঠালেন। মায়ের ইচ্ছা ছোট মেয়েটিও পড়ুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ঠাঁই হলো হাসিনের। এগুলো সবার জানা গল্প। তবে অজানা গল্প হলো, দ্বিতীয় বর্ষে পড়াকালীন এক বান্ধবীর জোরাজুরিতে খুব উৎসাহ নিয়ে একটি ম্যাগাজিনের জন্য ফটোসেশন করলেন হাসিন। কিন্তু বিধিবাম—যেদিন ছবি ছাপা হওয়ার কথা, নীলক্ষেতে গিয়ে ম্যাগাজিন কিনে দেখলেন, পত্রিকায় তাঁর কোনো ছবি নেই! ঘটনাটিতে সেদিন বেশ হোঁচট খেয়েছিলেন হাসিন। এরপর আবার সবার জানা কথার পুনরাবৃত্তি: ভিট মডেলের শীর্ষ মুকুট জুটেছিল তাঁর কপালে। তবে এ প্রতিযোগিতায় অংশ নেওয়াতে মা তাঁর সঙ্গে কথা বলেননি পাক্কা চব্বিশ দিন। মায়ের কথা ছিল, ‘ওই জায়গায় (মিডিয়া) পা দিলে তুমি আর আমার মেয়ে না!’ পরে বাবার চেষ্টায় সবকিছু আবার ঠিকঠাক হয়েছে।
হাসিন এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করছেন। স্নাতকোত্তর শেষ করে ‘কবুল কবুল কবুল’ বলে বিয়েটাও সেরে ফেলেছেন পারিবারিকভাবেই। বললেন, ‘আমি আসলে খুবই ভাগ্যবান। বিশ্বাস করবেন, স্বামী, শ্বশুর-শাশুড়ি আমার বাবা-মায়ের চেয়েও উদার। স্বামীও যথেষ্ট সহযোগিতা করেন।’ যেভাবে দৃঢ়কণ্ঠে কথাটি বললেন তিনি, আমাদের বিশ্বাস না করে আর উপায় কী! মোদ্দা কথা, সংসার সামলে অভিনয় করতে মোটেই বেগ পেতে হয় না এ তারকাকে। আবারও কথা বললেন তিনি, ‘আমি খুব বেছে বেছে কাজ করি এবং করতে চাই—ভালো স্ক্রিপ্ট, ভালো সহ-অভিনেতা, ভালো বাজেট, ভালো পরিচালক পেলে তবেই একটি কাজ হাতে নিই।’
সেদিন হাসিনের সঙ্গে অনেক গল্প হয়েছে আমাদের। একসময় জানতে চাইলাম, মডেলিং না অভিনয়, কোনটা বেশি ভালো লাগে? হাসিনের মুখে মৃদু হাসি। জানালেন, ‘শীর্ষ মডেলের মুকুট নিয়ে এই জগতে এসেছি, এখন পর্যন্ত মডেলিংই বেশি উপভোগ করি। আমার মতে, কোনো একটা নাটক খারাপ হলে তেমন কিছু ঘটে না, কিন্তু মডেলিংয়ে ভুল হলে বিরাট সমস্যা। কারণ, বিজ্ঞাপন মাসের পর মাস টিভিতে যায়, ভুল করি কী করে!’ যেন খুব মজার কথা বলেছেন, এভাবেই হাসিনের হাসিতে ভরে গেল ঘর। তারপর বেশ গম্ভীর সুরে বললেন, ‘আমি কিন্তু নাটকের ব্যাপারেও ভীষণ সিরিয়াস। এই যে এখনই শুটিংয়ে যেতে হবে। ফলে মন না চাইলেও ভাঙতে হবে আড্ডা।’
কথাটি কি একটু ঠোঁটকাটাভাবে বললেন হাসিন? তা তিনি বলতেই পারেন। কাজের প্রতি যিনি মনোযোগী, তাঁর মুখেই তো মানায় এমন কথা!