অতিথি শিক্ষক এলিটা
এলিটাকে সবাই সংগীতশিল্পী হিসেবেই বেশি জানেন। পাশাপাশি উপস্থাপনার কাজটিও করে যাচ্ছেন। তবে এলিটার মূল পেশা সাংবাদিকতা। তিনি দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ক্যাম্পাস ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে শিক্ষকতা পেশাও। তবে সেটি নিয়মিত নয়। তিনি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন। ‘স্প্রিং সেমিস্টারে’র ক্লাস এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে এখানে চলছে ‘সামার সেমিস্টার’। চলতি সেমিস্টারে ক্লাস না থাকলেও আগামী ‘ফল সেমিস্টারে’ তিনি নতুন করে শিক্ষার্থীদের ক্লাস নেবেন এলিটা। এত সব ব্যস্ততার জন্য এবারের ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারছেন না এলিটা।শিক্ষকতা পেশা সম্পর্কে এলিটা বলেন, ‘সাংবাদিকতা আমি খুব উপভোগ করি। নতুনভাবে এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষকতার ব্যাপারটি। সত্যিই এক অন্য রকম অভিজ্ঞতা। নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের জ্ঞানদানের বিষয়টি সত্যিই আমাকে অনেক আনন্দ দেয়।’ এলিটা জানান বর্তমানে তাঁর একক অ্যালবামের কাজ চলছে। আগামী কোরবানির ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। ব্যান্ড রাগার অভিষেক অ্যালবামের পর ‘অন্তহীন’, ‘অকারণ’সহ বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান গেয়ে এলিটা শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছেন।