অতীত আলোয় ভবিষ্যতের পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি যেমন বলেছিলেন, ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন’ অতীতের গর্ভ থেকে সেই রত্নরাজি বর্তমানের আলোকে তুলে এনে এ যুগের বাঙালির সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন। সেখানে আছে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। আরও আছে কাব্য, সংগীত, নৃত্যের সংযোগ। আয়োজনের নাম ‘হেরিটেজ শো’। ‘ঐতিহ্যের চেতনা, আগামীর প্রেরণা’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ১২ উত্তর গুলশান, গুলশান-২-এ শুরু হয়েছে তিন দিনের এই প্রদর্শনী। আয়োজন করেছে আর্টস কাউন্সিল ঢাকা। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায়। শেষ হেমন্তের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের আলোচক ছিলেন আনিসুজ্জামন, এনামুল হক, কে এম মোহসীন ও সালমা খান। স্বাগত বক্তব্য দেন আর্ট কাউন্সিলের চেয়ারপারসন মাহিন খান। এই আয়োজনের সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলায় বিশেষ অবদান রাখার জন্য বরেণ্য শিল্পী মুর্তজা বশীর ও আবদুল্লাহ খালিদকে সম্মাননা জানানো হয়।ইতিহাসবিদেরা বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলে চিহ্নিত করেছেন পাল যুগকে। আমরা গর্বভরে আমাদের যে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলি, তার সূচনা মূলত পাল যুগেই। সেখানে কেবল শিল্প, সাহিত্যেরই সমৃদ্ধি ছিল না, ছিল গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার উন্মেষও। আট শতকের মাঝামাঝি মোটামুটি ৭৫০ খ্রিষ্টাব্দ থেকে পরের ৪শ বছর পাল শাসনামলে বাংলায় শিক্ষা, সাহিত্য সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় প্রভূত উন্নতি ঘটেছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সে সময়ের ভয়াবহ অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাই মিলে গোপাল নামের এক যুবককে রাজা নির্বাচিত করেছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা বৌদ্ধধর্মাবলম্বী গোপাল সমাজে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিই ফিরিয়ে আনেন। পালযুগে সমাজে ধর্মনিরপেক্ষতা বজায় ছিল। পাল যুগের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের নিদর্শন রয়ে গেছে পাহাড়পুর, মহাস্থানের পুন্ড্রনগরী, ময়নামতিসহ দেশের বিভিন্ন বৌদ্ধবিহারের স্থাপত্য, অজস্র ভাস্কর্য ও প্রাচীন পুঁথিতে। আলোচকেরা বললেন, এই ইতিহাসের আলোতেই উদ্ভাসিত এই প্রদর্শনী।আর্ট কাউন্সিল দেশের ৪০ জন তরুণ শিল্পীকে নিয়ে পাল যুগের ইতিহাসের ওপর একটি কর্মশালার আয়োজন করে। এরপর শিল্পীরা পাহাড়পুর, মহাস্থানসহ বিভিন্ন অঞ্চলের পাল যুগের স্থাপনাগুলোতে গিয়ে সেই কাজগুলো দেখে নিজেদের মতো করে কাজ করেছেন। সব মিলিয়ে ১৫০টি কাজ। কাঠ, ব্রোঞ্জ, মিশ্র মাধ্যমের ভাস্কর্য। আছে আলোকচিত্রও। শিল্পীরা পাহাড়পুর বিহারের টেরাকোটাগুলোর আদলে টেরাকোটা করেছেন। ছবি এঁকেছেন দেয়ালচিত্র অবলম্বনে। এসব টেরাকোটায় কেবল বৌদ্ধ ও হিন্দুধর্মের নানা অনুসঙ্গ যেমন আছে, তেমনি আছে সে সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রার দৃশ্য। তারা শিকার, কৃষিকাজ, নারীরা রূপচর্চা ইত্যাদি। এ ছাড়া আছে ফুল, পাখি, গৃহপালিত পশুপাখি। কাউন্সিলের অন্য তিন পরিচালক হলেন সেলিম আহমেদ, নীপা সারওয়ার ও আফরোজা জামিল। তাঁরা জানালেন, এটি তাঁদের তৃতীয় আয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানও করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা গানের পালা শুরু করেছিলেন চর্যাপদের ‘কায়া তরুবর পঞ্চবি ডাল’ দিয়ে। এরপর জয়দেবের গীত গোবিন্দ থেকে ‘শ্রীত কমড় কুচ মন্ডড়’, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন থেকে ছিল ‘কেনা বাঁশী বাএ বড়ায়ি’। সংগীত পরিচালনা করেন মৃদুল কান্তি চক্রবর্তী। তামান্না রহমানের পরিচালনায় ছিল নৃত্যমের শিল্পীদের দলীয় নৃত্য। শেষে খালেদ খানের নির্দেশনায় ক’জনার পরিবেশনায় সত্যেন সেনের বিদ্রোহী কৈবর্তর নাট্যাভিনয়।গর্ব করার মতো অনেক কিছুই ছিল আমাদের অতীতে। তার কিছুর পরিচর্যা, অনুসরণ অব্যাহত আছে, আবার অনেক কিছুরই বিচ্যুতি ঘটে গেছে। সামনে যেতে হবে বাঙালিকে। সেই অগ্রযাত্রার পথে অতীতের আলোকবর্তিকা হাতে রাখা জরুরি।