
বাইরে মুষলধারে বৃষ্টি, মিলনায়তনের ভেতরে বৈঠকি ঢঙে শিল্পী গেয়ে চলেছেন ‘বাদল ঝুমা ঝুমা বলে’। মেঝের ওপর কার্পেটে বসে অতুলপ্রসাদ সেনের গান শুনেছেন শ্রোতারা। কেউ কেউ গানের তালে আলতো করে মাথা দোলাচ্ছেন।
গতকাল সন্ধ্যায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ ছিল অতুলপ্রসাদের গানের আসর। কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের গান গেয়ে শোনান শিল্পী লাইসা আহমদ ও সিফায়েত উল্লাহ। শুরু হয় ‘মোদের গরব মোদের আশা’ দিয়ে। শিল্পী দুজন একে একে গেয়ে শোনান ‘কে গো গাহিলে পথে’, ‘ওগো নিঠুর দরদি’, ‘মুরলী কাঁদে রাধে রাধে বলে’, ‘মম মনের বিজনে’, ‘বাদল ঝুমা ঝুমা বলে’, ‘মনোপথে এল বনহরিণী’, ‘মেঘেরা দল বেঁধে যায় কোন দেশ’, ‘কে আবার বাজায় বাঁশি’, ‘কে গো তুমি আসিলে অতিথি’, ‘ডাকে কোয়েলা বারে বারে’, ‘মধুকালে এল হোলি’, ‘আমি বাধিনু তোমার তীরে’, ও ‘ওরে মন তোর বিজনে’ গানগুলো।
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল খায়ের।