অদিতের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদিতকে দেখেই ভিরমি খেতে হলো—কেমন দশাসই চেহারা। চোখে মোটা ফ্রেমের পুরু চশমা। চালচলনে মোটামুটি উষ্কখুষ্ক ভাব। তাই প্রথমে এই সংগীত পরিচালককে দেখে তেমন ভক্তি জাগে না। অথচ তিনিই এলিটা-মাহাদীর জনপ্রিয় অ্যালবাম অন্তহীন-এর সংগীত পরিচালক। জাগো চলচ্চিত্রের সূচনা সংগীতটি তাঁরই গাওয়া। অথবা কুমার বিশ্বজিতের রোদেলা দুপুর অ্যালবামের ‘রোদেলা দুপুর’ গানটির সংগীত আয়োজন করেছেন তিনি। সব শেষে, আসন্ন বাংলাদেশি আইডল-এর থিম সং ও তাঁর সুর করা। এসব খবর তো এখন সবার জানা। সম্প্রতি আবার পদ্মপাতার জল চলচ্চিত্রে এই সময়ের দুই জনপ্রিয় শিল্পী ন্যান্সি ও কনাকে একসঙ্গে বসিয়ে একটি গান তৈরি করে বেশ হইচই ফেলে দিয়েছেন। তাঁর ডাবল ডিস্ক অ্যালবাম ফ্যাটম্যান ইঙ্ক-এর গানগুলোও মানুষের মুখে মুখে ফিরেছে। তবে মাত্র ২৮ বছর বয়সের এই ‘পুঁচকে’র পক্ষে এত কিছু সম্ভব হলো কীভাবে? প্রশ্ন শুনে তরুণ সংগীত পরিচালক অদিতের মুখে হাসি। ওই হাসির মধ্যেই কি রয়েছে অস্ফুট বিনয়?মালিবাগে নিজের স্টুডিওতে কম্পিউটার থেকে এরপর অদিত আমাদের শোনালেন কনা ও ন্যান্সির যুগল কণ্ঠে গাওয়া সেই গানটি, ‘বাঁশরিয়া বাজায় মধুর বাঁশি, সে বাঁশিতে মন উচাটন, কে রাখে কার মনের যতন...’। ‘এখনো গানটি পুরোপুরি তৈরি হয়নি।’ অদিত যখন এ কথা বলছেন, এর কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে শুরু হয়েছে আমাদের আলাপন। শুরুতে তাঁকে দেখে ভক্তি না জাগলেও, যেই কথা শুরু করলেন অদিত, বোঝা গেল, কম বয়স হলেও সংগীত নিয়ে তাঁর সাধনা আছে। সেই সাধনাই তাঁকে নিয়ে এসেছে এত দূর।কারও কাছে সেভাবে কখনো গান শেখেননি অদিত। তাঁর চাচাতো ভাইয়ের নাম আদনান। একসময় এই ভাইয়ের খেয়াল হলো গিটার শিখবেন। অদিত তাঁর সার্বক্ষণিক সঙ্গী। ফলে আদনান যেহেতু গিটার শিখতে যাবেন, সেখানে অদিতের না গেলে কি চলে! জোগালে হিসেবে অদিতও গেলেন। শিল্পী হায়দার হোসেনের কাছে গিটারের হাতেখড়ি হলো দুই ভাই আদনান ও অদিতের। এরপর তাঁরা গড়ে তুললেন ব্যান্ড দল ‘মিথ’। ২০০৬ সালে মিথ শিরোনামে একটি অ্যালবামও বাজারে এল তাঁদের। এর মধ্যে আদনানের গানের দম ফুরাল, ব্যস্ত হয়ে পড়লেন অন্য কাজে। তাই মিথ-এর কিচ্ছা এখানেই শেষ।এদিকে তত দিনে আদনান গান ছেড়ে দিলেও অদিত আটকে গেছেন প্রবল গানের নেশায়। সুর জিনিসটা কী, কীভাবে একটি গানের মধ্যে সুর তার মাধুর্য নিয়ে বসে যায়—এসব নিয়ে তখন রীতিমতো গবেষণা করছেন উচ্চমাধ্যমিকে পড়ুয়া অদিত। পাশাপাশি চলছে গিটারের শিক্ষা। অদিত বললেন, ‘হায়দার ভাই তো আমাকে গিটার বাজানো শেখাননি, শিখিয়েছেন মিউজিক। আমি এ পর্যন্ত যা কিছু করেছি, তার পেছনে এই মানুষটির অবদান অনেক।’অদিতের পথচলায় আরেকজনেরও অবদান আছে। অদিতের মুখেইর শোনা যাক সেই নাম, ‘অর্ণব ভাই। তিনি আমাকে অনেক বড় সুযোগ দিয়েছেন। মনপুরা চলচ্চিত্রে তাঁর সহকারী হিসেবে কাজ করেছি। আমাকে দিয়ে জাগো চলচ্চিত্রের সূচনা সংগীত গাইয়েছেন তিনি। এর পরই আমার নিজের পথচলার শুরু।’ নিজের চেষ্টা, অধ্যবসায় এবং এইসব মানুষের সংস্পর্শ তাঁকে রাজ সুমিত রহমান অদিত থেকে শুধু ‘অদিত’ করে তুলেছে। বাবা সাইদুর রহমান চলচ্চিত্র প্রযোজক। বিশাল করপোরেশন নামে প্রযোজনা সংস্থা ছিল তাঁদের। শিল্পীদের দেখছেন শৈশব থেকেই। তবে নিজে সংগীত পরিচালক হবেন, এমনটা ঘুণাক্ষরেও ভাবেননি। বললেন, ‘আমি যেন অনেকটা দৈবক্রমে সংগীতের পথে এসেছি। তবে আস্তে আস্তে কবে যে ভালোবাসতে শুরু করেছি এই কাজকে!’খাওয়া-দাওয়া খুব পছন্দ শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা এই সংগীত তারকার। ওজন ১০০ কেজির ওপরে। একদিন হোটেলের শেফ হওয়ার ইচ্ছা ছিল। তবে বাবা যে প্রযোজক, তাই একমাত্র ছেলে হিসেবে এই ব্যবসার হাল তো অদিতেরই ধরতে হবে। বংশের ধারা মেনে চলচ্চিত্র প্রযোজনায় নেমেছেন অদিত। নিজের প্রযোজনাপ্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মস থেকে প্রযোজনা করছেন দেহরক্ষী চলচ্চিত্রটি। এই ছবির সংগীত পরিচালকও তিনি। সম্প্রতি ১২.১২.১২ তারিখে দেহক্ষীর অডিও অ্যালবাম বাজারে এসেছে। অদিত বললেন, ‘গান ও ফ্যাটম্যান ফিল্মস নিয়ে অনেক স্বপ্ন আমার। নিজে ফ্যাটম্যান তো!’ এরপর আবারও সলজ্জ হাসি—হাসছেন অদিত।