অদৃশ্য অসামঞ্জস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদৃশ্য শত্রু ছবিতে সোহেল রানা ও মাশরুর পারভেজ
অদৃশ্য শত্রু ছবিতে সোহেল রানা ও মাশরুর পারভেজ

মাশরুর পারভেজ—বাপ কা বেটা! বাবা সোহেল রানা দেশের চলচ্চিত্র অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করছেন সেই সাদা-কালো যুগ থেকে। এবার ছেলেও ‘সিপাহি কা ঘোড়া’ হয়ে নেমেছেন যুদ্ধের ময়দানে। মাসুদ পারভেজ রুপালি জগতে পা রেখে সোহেল রানা হয়েছিলেন। মাশরুর পারভেজেরও চলচ্চিত্রে অভিষেক নতুন নামে—ইয়ুল রাইয়ান। সিনেমার পোস্টারে অবশ্য অত সব লেখা থাকে না। হলের বাইরে দুই স্কুলছাত্রকে দেখা গেল, গভীর মনোযোগে ছবির পোস্টারের দিকে তাকিয়ে আছে। একজনের মন্তব্য কানে এল, ‘এই নায়ক কি বাংলাদেশের?’
ছবি শেষে দুই কিশোরের ভুল ভাঙল কি না, জানা হয়নি। পুলিশ কর্মকর্তা রাইয়ানের চরিত্রে মাশরুর পারভেজের ‘স্মার্ট’ উপস্থিতি ধারণা বদ্ধমূলও করতে পারে। তিনি সুদর্শন। নায়কোচিত হতে গিয়ে পোশাকে অযথা রং চড়ানোর ইচ্ছা নেই বলেই মনে হলো। বাংলাদেশি পুলিশ নয়, ভিনদেশি ‘কপ’ স্টাইলেই তিনি সাবলীল। ‘পুট ইয়োর আর্মস ডাউন...আই হ্যাভ বিন অর্ডারড টু টেক ইউ ইন দ্য কাস্টডি’ সংলাপগুলোও তাই তাঁর মুখে বেমানান লাগল না একদম। শুধু অভিনয়েই যা একটু জড়সড়। কাঠখোট্টা পুলিশ অফিসার হতে গিয়ে এতটাই গুটিয়ে গেলেন, মনে হচ্ছিল ‘কপ’ না হয়ে ‘রোবোকপ’ হলেই বোধ হয় তাঁকে ভালো মানাত!
অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন মাশরুর, সঙ্গে ছিলেন চাচাতো ভাই চিত্রনায়ক রুবেলের ছেলে আকিব পারভেজ। দুই ভাই মিলে লিখেছেন চিত্রনাট্য।
‘মাসুদ স্যার এখানে অনেক মারামারি করেছেন, কিন্তু কোনো মেয়েকে পাওয়া যায়নি’—এমন কিছু সংলাপ আনাড়ি মনে হলেও ছবির গল্পটা ভালো। পুলিশ কর্মকর্তা মাসুদের চরিত্রে সোহেল রানা প্রমাণ করলেন, এখনো তিনি ‘ড্যাশিং হিরো’ই আছেন। তাঁর ভারী গলার সংলাপ, দৃপ্ত চালচলন দর্শককে পর্দা থেকে চোখ ফেরাতে দেয় না।
আহ্লাদি নায়িকা, সুদর্শন নায়ক, মারামারি এমনকি আইটেম গান—সবই আছে ছবিতে। তার পরও, আড়াই ঘণ্টার আয়োজনটাকে শেষ অবধি কেন যেন পুরোদস্তুর চলচ্চিত্র মনে হচ্ছিল না। কী যেন মিলছে না, কী যেন নেই! ছবির মাঝামাঝি এসে মনে হলো, অসামঞ্জস্যটা কোথায়, বোধ হয় একটু বোঝা যাচ্ছে। সিনেমা দেখতে বসে দর্শকের কাজ দুটো। দেখা এবং শোনা। পর্দায় বিরিয়ানি দেখালে যে হলঘরও বিরিয়ানির গন্ধে ম-ম করতে হবে, এমন কোনো কথা নেই। অতএব দর্শকের চোখ আর কানকে সন্তুষ্ট করতে পারলেই পরিচালক সফল। চোখ মোটামুটি সন্তুষ্ট, কানটাই যা একটু গোল বাধাল। নায়ক জ্যাকেট ঘোরালে সাঁই সাঁই শব্দ হয়, অথচ পেছন দিয়ে গাড়ি গেলে সেই গাড়ির শব্দ নেই কেন? নায়িকা আর নায়িকার বাবা নৌভ্রমণে বেরিয়েছে, এই দৃশ্যে নায়িকার নিঃশ্বাসের শব্দও স্পষ্ট। সেখানে লঞ্চের ভট ভট শব্দ কোথায়! ‘এনভায়রনমেন্ট সাউন্ড’ বলে একটা ব্যাপার আছে; ছবির অনেক দৃশ্যেই যা অনুপস্থিত। দৃশ্য আর সংলাপ কেমন যেন আলাদা হয়ে থাকে। পর্দার চরিত্রগুলোকে ঠিক কাছের মানুষ মনে হয় না।
প্রথম ছবি হিসেবে মাশরুর পারভেজ ভালো করেছেন, তা অনস্বীকার্য। পরবর্তী ছবিতেই দর্শকদের দারুণ কিছু উপহার দেবেন, সোহেল রানা-পুত্রের ওপর সেই আস্থা রাখাই যায়।