
কমেডিয়ান বিল হিকস একবার একটা দামি কথা বলেছিলেন—বিজ্ঞাপনের খাতায় নাম লেখানোর মানে হলো, আপনি যে শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন, সেটার খাতা থেকে নাম কেটে ফেলা। বব ডিলান এই দর্শনটা মেনেছেন। আবার মানেনওনি। বিজ্ঞাপন তিনিও করেছেন। তবে না ছুঁই পানির মতো। ডিলানের বিজ্ঞাপনসংখ্যা তাই আঙুলের রেখা গুনেই বলে দেওয়া যায়।
পেপসির একটা বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। ক্যাডিলাক গাড়ির বিজ্ঞাপন করেছেন। অ্যাপলের আইপড আর আইটিউনের। আর অন্তর্বাসের...। দাঁড়ান, কী বললেন, অন্তর্বাস! অন্তর্বাসের বিজ্ঞাপনে রক এন রোলের জাদুকর! কী, অবাক হচ্ছেন? শুনলে আরও অবাক হবেন, সেই অন্তর্বাস পুরুষদেরও নয়, নারীদের!

বিজ্ঞাপনজগৎ থেকে নিজেকে প্রায় সময়ই আড়াল করে রাখা ডিলান একবার বলেছিলেন, টিভি বিজ্ঞাপন করতে রাজি আছি, তবে এক শর্তে—সেটা হতে হবে কোনো অন্তর্বাস নির্মাণকারী প্রতিষ্ঠানের। অনেকে ভেবেছিল, কথাটা তিনি মজা করে বলেছেন। কিন্তু ডিলান ‘ভিক্টোরিয়া সিক্রেট’-এর বিজ্ঞাপনে সত্যি সত্যি হাজির হয়ে নিজের কথা রাখেন। মর্ত্যে নেমে আসা এক নীলনয়না পরির বেশে হাজির হওয়া এক মডেলের সঙ্গে সেই বিজ্ঞাপনে দেখা যায় ডিলানকে।

সম্প্রতি বব মার্লের পরিবার ঠিক করেছে, র্যাগে কিংবদন্তির নামে বাজারে ছাড়া হবে গাঁজা! নাম ‘মার্লে ন্যাচারাল’। মার্লের সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা অবশ্য খবরটায় অবাক হননি। জীবিতকালে এই বস্তু ছিল মার্লের সবচেয়ে প্রিয়। কিন্তু তাই বলে তাঁকে এমনভাবে বিজ্ঞাপনে হাজির করতে হবে? এটা মেনে নেওয়াটা একটু কষ্টকরই বটে।
এর চেয়েও অদ্ভুত পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়েছেন জাস্টিন বিবার। বিবার-ভক্তরা নাকি ঘুমে-জাগরণে সব সময়ই তাঁর গান শোনে। তো বিবার এমনই এক পণ্য নিয়ে হাজির হলেন, যেটা ঘুম থেকে জাগরণের সময়টায় ভক্তদের সঙ্গে থাকবে। কী সেটা? গান শোনানোর টুথব্রাশ! ভক্তেরা লুফে নিয়েছিল। গান শুনতে শুনতে ব্রাশ করাটা মজার, তার চেয়েও বেশি মজা সেই গানটা যদি টুথব্রাশ থেকেই পাওয়া যায়। তবে কিনা দন্তচিকিৎসকেরা সাবধান করে দিয়েছেন, এই টুথব্রাশে কানের বিনোদন হলেও দাঁতের যত্ন কিন্তু ঠিকমতো হচ্ছে না!
এবার কল্পনা করুন তো, আপনার প্রিয় অভিনেত্রী পেনেলোপে ক্রুজের নাকের নিচে পুরুষ্ট একটা গোঁফ! সত্যি সত্যিই বিজ্ঞাপনের খাতিরে গোঁফ ‘গজিয়েছিল’ ক্রুজের। জনপ্রিয় ভিডিও গেম সুপার মারিওর প্রচারণায় মারিওর বেশে হাজির হয়েছিলেন ক্রুজ। আর গোঁফ ছাড়া কি মারিও হয়?

স্নুপ ডগ করেছিলেন ‘জীবনমুখী’ বিজ্ঞাপন। প্রায়ই ভুল খবরের কারণে শিরোনামে আসেন এই র্যাপ শিল্পী। একের পর এক বেখবরের জন্ম দেওয়া স্নুপ ডগ একবার বলেছিলেন, তাঁর জীবনে নাকি কী সব ভাইরাস আছে, তারই কুপ্রভাবে এমনটা করে বসেন। একসময় দেখা গেল, একটি অ্যান্টিভাইরাসের বিজ্ঞাপনে হাজির হলেন তিনি। তা দিয়ে কম্পিউটারের ভাইরাস দূর করা গেলেও তাঁর জীবনের ভাইরাসগুলো পালিয়ে গেছে কি না, সেটি সময়ই বলে দেবে।
জেসিকা সিম্পসন একবার এক এডিবল কসমেটিকসের পণ্যদূত হয়েছিলেন। এডিবল অয়েল ত্বকের যত্নে উপকারী। ফলে এডিবল কসমেটিকস নিশ্চয়ই জনপ্রিয় হবে দারুণ—এমনটাই ভেবেছিলেন সিম্পসন। হা হতোস্মি! ফলাফল হলো উল্টো। এক বছরের মাথায় গণ্ডা খানেক মামলা হয়েছিল সেই কসমেটিকস কোম্পানির নামে!
তবে এঁদের সবাইকে টেক্কা দিয়েছেন কিম কারদাশিয়ান। মাঝখানে বেশ ব্যস্ত সময় কাটল তাঁর। এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। ফিতা কেটে কেটে দ্বারোদ্ঘাটন করছেন। কিসের দ্বার? টয়লেটের!
টিএনএন অবলম্বনে