অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহী। ছবি: আনন্দ
রুহী। ছবি: আনন্দ

ছেলেদের আলাদা কোনো বৈশিষ্ট্য কি মেয়েদের আকৃষ্ট করে? আমার ঠিক মনে নেই। আমার প্রথম ভালো লাগার ব্যাপারে এই বিষয়টি একদমই মনে পড়ে না। অদ্ভুত একধরনের ভালো লাগা কাজ করেছিল। আমরা তখন থাকতাম টঙ্গীতে। আমি কিন্তু সেখানেই বড় হয়েছি।
আমরা যে এলাকায় থাকতাম, সেখানে কলেজের মাঠে অনেকে মোটরবাইক নিয়ে আসতেন। তাঁদের মধ্যে একজনকে আলাদা করা যেত। এলাকার বড় ভাই। তাঁকে বেশি ভালো লাগত। যত দূর মনে পড়ে, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আর আমি তখন একেবারেই ছোট।
আমাদের এলাকায় একটি ক্লাব ছিল। আর দশটা ক্লাবের মতো নয়। খেলাধুলার পাশাপাশি নানা উন্নয়ন আর সচেতনতামূলক কাজ হতো সেখানে। এর দায়িত্বে থাকতেন এলাকার মুরব্বিরা। মাস শেষে প্রতি বাড়ি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাঁদা দিতে হতো ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য। আর এই অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন সেই ছেলেটা।
নিজের ভালো লাগার মানুষটি সামনে এলে কেউ হয়তো ঘাবড়ে যাবে। কিন্তু এমনটি আমার কখনো হয়নি। তিনি যখন আসতেন, আমি খুশিই হতাম। ওই সময় আমার ব্যস্ততা আর দেখে কে! বসার ঘরে চেয়ার টেনে দেওয়া, অন্যদের চা করতে বলা। সবকিছু তদারকি করতাম।
অনেক দিন তাঁকে কিছু বলার চেষ্টা করেছি। কিন্তু কখনো বলা হয়নি। আমার ব্যক্তিগত সম্মানবোধ বাধা হয়ে দাঁড়ায়।
ওই সময়ে আমার পৃথিবী ছিল কলেজের মাঠ আর বাসার আঙিনা ঘিরে। ছেলেটি ওখানে এলে অন্য রকম এক ভালো লাগার অনুভূতি কাজ করত। কখনো তাঁকে আমার ভালো লাগার কথা বলা হয়নি। এখন যদি দেখা হয়, তাঁকে ওই সময়ে আমার ভালো লাগার কথা বলব।
অনুলিখিত