
‘অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনই নয়, কোনো দিনও নয়, অধিকারের জন্য লড়াই করতে হয়’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে এই সব কথা দিয়ে সাজানো সলিল চৌধুরীর গান গাইছিলেন শিল্পীরা। মে দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। এতে গণসংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, আনন্দন ও সাম্য। আবৃত্তি করেন নায়লা তারাননুম।
গান শুরুর আগে গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে মে দিবসের ওপর আলোচনা করা হয়। আলোচনা পর্বে বক্তব্য দেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান প্রমুখ।