অনন্ত হিরার ৫ প্রশ্ন
সম্প্রতি মঞ্চে এসেছে প্রাঙ্গণেমোর নাট্যদলের নতুন নাটক আওরঙ্গজেব। ইতিমধ্যে নাটকের তিনটি প্রদর্শনীও হয়ে গেছে। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা এ নাটকের নির্দেশনার কাজ করেছেন অনন্ত হিরা। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।নাটকটির দর্শক-প্রতিক্রিয়া কেমন?আমরা নাটকটি মঞ্চে আনার আগে ব্যাপক মহড়া করেছি। এটি দেখে দর্শক ভালো বলেছেন। কেউ কেউ আবার বলেছেন, গত তিন-চার বছরের মধ্যে ঢাকার মঞ্চে আসা সবচেয়ে ভালো নাটক এটি। মোগল সাম্রাজ্যের গল্প নিয়ে এ নাটক। তাই এটি নিয়ে দর্শকের আলাদা একটা আগ্রহ আছে।এ ধরনের গল্প নিয়ে নাটক করতে আগ্রহী হলেন কেন?মোগল সাম্রাজ্যে আওরঙ্গজেব বহুমাত্রিক চরিত্রের অধিকারী। তাঁর ক্ষমতার প্রকাশ ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি প্রজন্মের পর প্রজন্মে সঞ্চারিত হয়েছে। ধর্মের এই বাড়াবাড়ি বর্তমান সময়ে এসে আমাদের এখানেও ঘটছে। ফলে বর্তমান ভাবনা থেকেই এটি মঞ্চে আনা।নাটকটি মঞ্চে আনার পর নিজের তৃপ্তিটা কতটুকু?আমার কাছে মনে হয়েছে, ঢাকার মঞ্চ থেকে অভিনয়সমৃদ্ধ নাটক দিন দিন কমে আসছে। জায়গা করে নিচ্ছে একধরনের শারীরিক কসরত আর গানভিত্তিক নাটক। কিন্তু ভালো গল্প, সংলাপ, ভালো অভিনয়সমৃদ্ধ নাটকও দরকার। সেদিক থেকে আওরঙ্গজেব নিয়ে আমি তৃপ্ত।মঞ্চে রবীন্দ্রনাথের নাটক দিয়ে দলের যাত্রা শুরু হলেও এর বাইরে গবেষণাভিত্তিক নাটক নিয়ে কাজ শুরু করেছেন। এটা কি নিয়মিত করবেন?আমরা রবীন্দ্রনাথের বাইরেও গবেষণাধর্মী কাজ করতে চাই। এর আগে লোকনায়ক করেছি। এবার করলাম আওরঙ্গজেব। এ ধরনের ভালো পাণ্ডুলিপি পেলে রবীন্দ্রনাথের নাটকের পাশাপাশি ঐতিহাসিক গবেষণাধর্মী নাটকও করব। দলে বর্তমান ছয়টি প্রযোজনা নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। আপাতত দুই বছর আর নতুন কোনো নাটক মঞ্চে আনব না।শুনলাম নাটক নিয়ে দেশের বাইরে যাচ্ছেন?আগামী নভেম্বর মাসে দিল্লির একটা নাট্যোৎসবে যোগ দেব। উৎসবে আওরঙ্গজেব ও শেষের কবিতা নাটক দুটি মঞ্চস্থ করা নিয়ে কথা চলছে। এ ছাড়া আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আরও বেশ কয়েকটি উৎসবে আমন্ত্রণ আছে।